বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৫:৫৯ পূর্বাহ্ণ

বাফেলোতে আইসের অভিযানে  গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম

 

আইস কর্তৃক গ্রেফতার এনামুল হক ইনাম। ছবি-সংগ্রহ।

নিজস্ব প্রতিনিধি

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযানের নিষ্ঠুর শিকার হলেন আরেক বাংলাদেশী এনামুল হক এনাম (৬২)। ১৪ অক্টোবর নিউইয়র্কের বাফেলো থেকে আইস (ইমিগ্রেশন পুলিশ) তাকে গ্রেফতার করেছে।

৩৪ বছরের অধিক সময় যাবত যুক্তরাষ্ট্রে বসবাস করলেও গ্রীণকার্ড হয়নি অর্থাৎ কুমিল্লার সন্তান এনাম অবৈধভাবেই বাস করছিলেন।

তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে অভিবাসন বিষয়ে খ্যাতনামা এটর্নী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী এ সংবাদদাতাকে ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জানান, অভিবাসনের মামুলি বিধি লংঘন ব্যতিত এনাম সাহেব আর কোন অপকর্মে লিপ্ত ছিলেন না। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী শুধুমাত্র গুরুতর অপরাধীরাই গ্রেফতার হচ্ছেন না, অসহায়-নিরপরাধ অভিবাসীরাও গ্রেফতার ও বহিষ্কারের শিকার হচ্ছেন।

এটর্নী মঈন চৌধুরী উল্লেখ করেন, এনামুল হক সাংস্কৃতিক সংগঠক হিসেবে গত কয়েক দশকে বেশ কিছু তারকা শিল্পীকে স্পন্সর করে যুক্তরাষ্ট্রে এনেছেন। সাড়া জাগানো অনুষ্ঠান করেছেন। এরমধ্যে অনেক শিল্পীই গ্রীণকার্ড পেয়েছেন। বিদ্যমান রীতি অনুযায়ী সিটিজেনশিপও নিয়েছেন। কিন্তু এনামুল হক পাননি।

প্রেসিডেন্ট ট্রাম্পের ধর-পাকড়ের আতংকে আরো অনেকের মত এনামুল হকও নিউইয়র্ক সিটি ছেড়ে ভার্জিনিয়ায় আস্থানা গেড়েছিলেন। সেখানেও স্বস্তি না পেয়ে বছর তিনেক আগে বাফেলোতে অবস্থান নেন এবং ট্যাক্সি চালিয়ে দিনাতিপাত করছিলেন। গত শুক্রবার ট্যাক্সি চালানো অবস্থায়ই আইস তাকে গ্রেফতার করেছে বলে বাফেলোর প্রবাসীরা জানান।

এটর্নী মঈন উল্লেখ করেছেন, গত কয়েকমাসে বাফেলো থেকে ডজন দুয়েক বাংলাদেশীসহ ৪ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এরফলে সেখানকার কম্যুনিটিতে অস্বস্তি বিরাজ করছে। অপরদিকে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, চলতি বছর নিউইয়র্ক স্টেট থেকে গ্রেফতারের সংখ্যা ৭ হাজারের অধিক। আর সারা আমেরিকা থেকে গ্রেফতারের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার। এছাড়া আরো ২৫ লাখের মত স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন।

নিউইয়র্ক সিটি থেকেও প্রতিদিনই গ্রেফতারের সংবাদ পাওয়া যাচ্ছে।

অভিবাসী এটর্নী এবং অভিবাসীদের অধিকার নিয়ে কর্মরত সংস্থাসমূহের অভিযোগ অনুযায়ী, গ্রেফতারকৃতদের ৮৫% এর বিরুদ্ধেই গুরুতর কোন অপরাধে লিপ্ত থাকার তথ্য নেই। অর্থাৎ নির্বিচারে গ্রেফতারের ঘটনা ঘটছে। তাদেরেই অন্যতম হলেন এনামুল হক।

Facebook Comments Box

Posted ৫:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us