এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
রবিবার, ২২ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৮:১৭ অপরাহ্ণ
ইলিনয় স্টেটের শিকাগো সিটিতে ‘বেগম খালেদা জিয়া ওয়ে’ নামফলক উম্মোচন পর্বে রাষ্ট্রদূতসহ অতিথিবর্গ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম
বিশ্বখ্যাত বাংলাদেশী স্থপতি এফ আর খানের স্মৃতি বিজড়িত এবং ‘শেখ মুজিব ওয়ে’ অধ্যুষিত শিকাগো সিটিতে উইলিস টাওয়ার ( সাবেক সিয়ার্স টাওয়ার) সংলগ্ন সড়কের নামকরণ করা হলো ‘মাদার অব ডেমক্র্যাসি বেগম খালেদা জিয়া ওয়ে’। ২২ নভেম্বর দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই নামফলক উম্মোচন করেন শিকাগো সিটির অল্ডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস। উল্লেখ্য, গিলবার্ট ভিলেগাস বেগম খালেদা জিয়ার অবদানকে বহুজাতিক এ বিশ্বে চিরস্মরণীয় করে রাখার অভিপ্রায়ে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন গত ২৩ সেপ্টেম্বর। সে অনুযায়ী, উইলিস টাওয়ারের পাদদেশে আপার ওয়েভার ড্রাইভের অংশবিশেষের নামকরণ হলো ‘মাদার অব ডেমক্র্যাসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, তিনি তাঁর জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। আর সে কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।
‘বেগম খালেদা জিয়া ওয়ে’ নামফলকের সামনে উল্লসিত বিএনপি নেতা গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত নগরীর বুকে তাঁর নামে সড়কের নামকরণ শুধু একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।
গিয়াস বলেন, স্বৈরাচার এরশাদ-বিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।
বিশেষ অতিথি হিসেবে অপর বক্তা ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বেগম খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের জন্য তাঁর আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন।
শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি; তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা।
প্রসঙ্গত: উল্লেখ্য, শিকাগো সিটির ডাউন টাউনে ডেভন এভিনিউর অংশ বিশেষের নামকরণ ‘শেখ মুজিব ওয়ে’ করা হয়েছে ১৯৯৭ সালের ২৮ অক্টোবর।
Posted ৮:১৭ অপরাহ্ণ | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24