অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ৩১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৬ পূর্বাহ্ণ

অবশেষে পাকিস্তানের কাছে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারত

ফাইল ছবি

শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে একাধিক যুদ্ধবিমান হারানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত। দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান জানিয়েছেন, গত মে মাসে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারিয়েছে।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শ্যাংরি-লা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল চৌহান বলেন, ‘সংখ্যা এখানে মুখ্য নয়। গুরুত্বপূর্ণ হলো- এই বিমানগুলো কেন ভূপাতিত হলো, কী ভুল হয়েছিল এবং পরবর্তীতে তা কীভাবে সংশোধন করা হয়েছে।’

তিনি জানান, ভারতীয় বাহিনী কৌশলগত ভুল থেকে শিক্ষা নিয়ে মাত্র দুই দিন পরই দূরপাল্লার সফল হামলা চালাতে সক্ষম হয়। যদিও বিমান হারানোর সুনির্দিষ্ট সংখ্যা তিনি প্রকাশ করেননি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী অন্তত ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। তখন ভারতীয় কর্তৃপক্ষ ওই দাবিকে অস্বীকার করলেও এবার প্রথমবারের মতো ভারতের তরফ থেকে আংশিক স্বীকারোক্তি এলো।

জেনারেল চৌহান আরো দাবি করেন, পাকিস্তান চীনের কাছ থেকে যে সামরিক সহায়তা পেয়েছে, তা বিশেষ কাজে আসেনি। তার ভাষায়, ‘আমরা পাকিস্তানের ভেতরে ৩০০ কিলোমিটার দূরে থাকা বিমানঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালাতে পেরেছি।’

ভারতীয় সূত্রের বরাতে জানা গেছে, চীন পাকিস্তানকে স্যাটেলাইট সহযোগিতা প্রদান করেছিল, যার মাধ্যমে ভারতীয় যুদ্ধবিমানের অবস্থান চিহ্নিত করা সহজ হয়। এই তথ্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান কিছুটা কৌশলগত সুবিধা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২২ এপ্রিল কাশ্মীরের এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছায়। উভয় পক্ষ চারদিন ধরে বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং গোলাবর্ষণ চালায়, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক মুখোমুখি পরিস্থিতি বলে বিবেচিত হচ্ছে।

পারমাণবিক সংঘাতের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেন, “প্রচলিত যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের মাঝখানে এখনও অনেক গ্যাপ রয়েছে। আমরা সেই সীমা অতিক্রম করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।”

ভারত ও পাকিস্তান এখন নিজেদের অবস্থান আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে ব্যস্ত রয়েছে। জেনারেল চৌহান বলেন, ‘যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, তবে সেটি পাকিস্তানের ভবিষ্যৎ আচরণের ওপর নির্ভর করবে। আমরা আমাদের রেড লাইন স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছি।’

Facebook Comments Box

Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us