অজিৎ ভৌমিক
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ
নিউইয়র্কের জ্যামাইকার অল কাউন্টি অডিটোরিয়ামে ২১ ফেব্রুয়ারি ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত রাখার উপায় নিয়ে আলোচনা করেন কমিউনিটির বিশিষ্টজনেরা।
অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের সিইও আব্দুল কাদের শিশির বলেন, “বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো হবে।” মহান ভাষা শহীদদের স্মরণে অল কাউন্টি হেলথকেয়ারের এই আয়োজনকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। প্রবাস প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার লক্ষ্যে জ্যামাইকায় একটি বাংলা স্কুল চালুর আহবানও জানান কোন কোন বক্তা।
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-এনওয়াইভয়েস24।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহায়তায় এ আয়োজনে দুই শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন। অর্ধশত শিশু-কিশোরও ছিলো। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ ইনকের সভাপতি শাহ শহীদুল হক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির চিফ অ্যাডভাইজার ওসমান গণি, রিলায়েবল হোম কেয়ারের পরিচালক জে মোল্লা সানী, রিলায়েবল হোম কেয়ারের সিইও এনায়েত মুন্সী, বিয়ন্ড হোম কেয়ারের সিইও আলিম হোসেন ও টাইম টিভির সিইও আবু তাহের।
আয়োজকদের পক্ষে বক্তব্য দিচ্ছেন আব্দুল কাদের শিশির। ছবি-এনওয়াইভয়েস24।
আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার বিজয়ীকে এক হাজার ডলারের গিফট ভাউচার, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের যথাক্রমে ৫০০ ও ৩০০ ডলার প্রদান করা হয়। এছাড়া আরও সাতজনকে সৌজন্য পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী নাজু আখন্দ।
একুশের অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস24।
বাংলাদেশি প্রবাসীরা এ ধরনের আরও আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, “এটি নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি আগ্রহী করতে সহায়তা করবে।” অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার ও সদস্য-সচিব জাহাঙ্গীর আলম জয় সবাইকে ধন্যবাদ জানান।
Posted ৯:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর