সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় আড়ম্বর ও আনুষ্ঠানিকতায় উদ্যাপন করেছেন।
দ্বাপর যুগের শেষ দিকে এই তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত কোলজুড়ে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে।

জন্মাস্টমীতে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আটলান্টিক কাউন্টির ১৪১১ পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে ১৬ আগস্ট শনিবার অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, মঙ্গলাচারণ, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, জপমালা ,প্রসাদ বিতরণ ইত্যাদি।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, সুনীল দাশ,বিউটি দাশ,পিকলু দাশ, দীপা দে জয়া, রেশমী বসাক, ভবানী প্যাটেল, সুমি মজুমদার, মিনু নন্দী, সুপ্রীতি দে, লাকী চৌধুরী, সোমা বিশ্বাস,অনুসূয়া সরকার , দোলা,বর্ষা প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন। কেক কাটার মাধ্যমে জন্মাষ্টমী উৎসবের সমাপ্তি ঘটে।
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের সদস্য সুব্রত চৌধুরী ও পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং উৎসব সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।