আনিসুর রহমান
প্রিন্ট
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৪:০৮ অপরাহ্ণ
![]()
আনিসুর রহমান (এনওয়াইভয়েস২৪ ডটকম)
কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় ২৩ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ১২টার পর নিউজার্সির ভোরহেস এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশী মোহাম্মদ রহমান (৬৫)। সন্দ্বীপের হারামিয়ার সন্তান ক্যামডেন কাউন্টিতে ভোরহেস এলাকায় ৩২০ এনজে-৭৩ এ অবস্থিত হারমনি ডাইনারের ডিশ ওয়াশার মোহাম্মদ রহমান রাত ১২টায় কাজ শেষে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পতিত হন এবং অকুস্থলেই প্রাণ হারান বলে জানা গেছে। যে গাড়ি ধাক্কা দিয়েছে, সেটি দ্রুত পালিয়েছে বলে মনে করা হচ্ছে।
নিহত ব্যক্তির একমাত্র পুত্র মাহমুদুর রহমান বার্তা সংস্থা ‘এনওয়াইভয়েস২৪ ডটকম’কে জানান যে, বোনের স্পন্সরে ১৪ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন বাবা। নিউজার্সির ক্যামডেনেই অবস্থান করে হারমনি ডাইনারে কাজ করতেন। কঠোর পরিশ্রমী বাবা সাইকেল চালিয়েই কর্মস্থলে যাতায়াত করতেন।
সোমবার ২৬ অক্টোবর মেডিকেল এক্সামিনারের অফিস ময়না তদন্তের পর লাশ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে বলে শনিবার অপরাহ্নে মাহমুদুর রহমান জানান। তারপরই জানাযা ও দাফনের কর্মসূচি জানানো হবে।
মোহাম্মদ রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন সন্দ্বীপ এসোসিয়েশনের কনভেনর সিরাজুল মাওলা এবং সদস্য-সচিব মো. কাদের মিয়া।
Posted ৪:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24