বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:২৬ পূর্বাহ্ণ
একশত দিন পূরণের আগের দিন অর্থাৎ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ৯৯ দিনে এক লাখ ৩৯ হাজার অবৈধ অভিবাসীকে বহিস্কারের তথ্য দিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা টম হোম্যান। ২৮ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে টম হোম্যান উল্লেখ করেন, সীমান্তকে নিñিদ্র নিরাপত্তার আওতায় আনার ফলে বেআইনীভাবে বিদেশীদের প্রবেশের প্রবণতা একেবারেই কমে যাওয়ায় গ্রেফতার ও বহিস্কারের ঘটনা হ্রাস পেয়েছে-এখানেই আমাদের সফলতা।
এদিন প্রেসিডেন্ট ট্রাম্প আরো ৩টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এর একটি হলো, অবৈধ অভিবাসী ধরপাকড়ের প্রক্রিয়া আরো জোরদারকল্পে ‘স্যাঙ্কচুয়্যারি সিটি’ এবং স্টেট সমূহে ফেডারেল প্রদত্ত বিপুল অনুদানের খোঁজ-খবর নেয়া হবে। অনুদান প্রাপ্ত সিটি ও স্টেটসমূহ প্রেসিডেন্ট ট্রাম্পের অগ্রাধিকার-পদক্ষেপসমূহে যথাযথ সহায়তা দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিশেষ করে অবৈধ অভিবাসী গ্রেফতারে সহযোগিতা এবং অপরাধে দন্ড ভোগরতদের আইসের কাছে সমর্পণ করা হচ্ছে কিনা-তা খতিয়ে দেখা হবে। আরেকটি আদেশ অনুযায়ী এখোন থেকে ফেডারেল সরকার নিয়োজিত ট্রাক ড্রাইভারদের ইংরেজীতে কথা বলতে হবে। ইতিপূর্বে নিয়োগপ্রাপ্ত ড্রাইভারের মধ্যে যারা ইংরেজী জানে না তাদেরকে বরখাস্ত করা হবে।
অপর আদেশ অনুযায়ী, পুলিশ বাহিনীকে অধিক ক্ষমতা দেয়া হলো, এখোন থেকে ফেডারেল নির্দেশনা আরো বেপরোয়াভাবে পালন করতে পারবেন তারা। এবং ফেডারেল প্রশাসনের নির্দেশ পালনে যারা গড়িমসি করবে তাদের বিরুদ্ধেও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা যাবে। এসব আদেশকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও নাগরিকগণের নিরাপত্তা নিশ্চিতে অপরিসীম অবলম্বন হিসেবে অভিহিত করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারলিন লেভিট। তিনি বলেন, গুরুতর অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতারের ক্ষেত্রে এমন নির্বাহী আদেশের গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য, এর দুদিন আগে উইসকনসিন স্টেটের মিলওয়াকি কাউন্টি সার্কিট জজ হ্যানাহ ডুগ্যানকে গত শুক্রবার গ্রেফতার করা হয় একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতারে বিঘ্ন সৃষ্টির অভিযোগে। এ নিয়ে বিচার বিভাগের সাথে হোয়াইট হাউজের সম্পর্কে নয়া উত্তেজনা তৈরী করলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী কাউকে ছাড় দিতে রাজি নন বলেই নতুন নির্বাহী আদেশ জারি করা হলো। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের দিন থেকে ৯৯তম দিবস পর্যন্ত কয়েক শত নির্বাহী আদেশ জারি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বেশ কটি আদেশের কার্যকারিতা থামিয়ে দিয়েছে আদালতসমূহ।
ট্রাম্পের জন্যে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতির অবতারণা হয়েছে বাণিজ্য যুদ্ধ শুরুর আদেশ জারির পর। ঘরে-বাইরে সর্বত্র প্রচন্ড ক্ষোভ তৈরী হয়েছে। জনজীবনে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়তে শুরু করেছে। স্টক মার্কেটে ধস নেমেছে। অর্থনীতিবিদরা আশংকা প্রকাশ করছেন যে, কয়েক মাসের মধ্যেই বড় ধরনের একটি মন্দা গ্রাস করতে পারে যুক্তরাষ্ট্রকে।
Posted ৭:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর