ইএএসডির জরিপ: ৭০ শতাংশ মানুষের পছন্দ বিএনপি, জামায়াতের পক্ষে ১৯

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:০৮ পূর্বাহ্ণ

ইএএসডির জরিপ: ৭০ শতাংশ মানুষের পছন্দ বিএনপি, জামায়াতের পক্ষে ১৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে এক জনমত জরিপে উঠে এসেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষে জনমত পাওয়া গেছে ১৯ শতাংশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (ইএএসডি) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ইএএসডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জরিপের বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।

ইএএসডি জানায়, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। জরিপটি নিরপেক্ষ ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেন শামীম হায়দার।

জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে মত দিয়েছেন। ১৯ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে বেছে নিয়েছেন। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ মানুষ ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) এবং ৫ শতাংশ মানুষ অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। মাত্র ০ দশমিক ২ শতাংশ মানুষ ভোট দেবেন না বলে জানিয়েছেন।

জরিপের আরেকটি প্রশ্নে ‘কোন দল সরকার গঠন করবে’—জানতে চাওয়া হলে ৭৭ শতাংশ উত্তরদাতা বিএনপির কথা বলেছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন ১৭ শতাংশ মানুষ। ১ শতাংশের বেশি মানুষ এনসিপি’র পক্ষে মত দিয়েছেন। নির্বাচনে ‘কে জিতবে’—এমন প্রশ্নে ৭৪ শতাংশ মানুষ মনে করেন বিএনপি জিতবে এবং ১৮ শতাংশের মতে জয়ী হবে জামায়াত। এ ছাড়া ১ শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা দেখছেন।

অংশগ্রহণকারীদের কাছে গত নির্বাচনে (যেটি তারা দিতে চেয়েছিলেন বা বিতর্কিতভাবে সম্পন্ন হয়েছিল) কাকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল—জানতে চাওয়া হলে ৩৫ শতাংশ জানান তারা বিএনপিকে এবং ২৭ শতাংশ আওয়ামী লীগকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর পক্ষে এই হার ছিল ৫ শতাংশের কিছু বেশি।

বিশ্লেষকরা মনে করছেন, এই জরিপ প্রতিবেদন আসন্ন নির্বাচনের আগে দেশের রাজনৈতিক মেরূকরণ ও জনমতের একটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us