নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:১৯ পূর্বাহ্ণ
জামাত-শিবির প্রতিহত করার সংকল্পে অনুষ্ঠিত র্যালিতে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ গত ১ জুন বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি হাফিজুল হকের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরামের প্রাক্তণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র নেতা মুজাহিদ আনসারী, ড. ওবায়দুল্লাহ মামুন, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্মু, উদীচী যুক্তরাষ্ট্র শাখার প্রাক্তণ সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক কল্লোল দাশ, মহিলা পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুলেখা পাল, মানবাধিকার কর্মী স্মৃতি ভদ্র প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রগ্রেসিভ ফোরামের সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু।ৎ
‘ড: ইউনুস সরকার মার্কিন সাম্রাজ্যবাদ ও যুদ্ধাপরাধী-রাজাকারের পাহাড়াদার হিসেবে চিহ্নিত’ হিসেবে উল্লেখ করে খোরশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ড:ইউনুসের সরকার দেশ বিক্রি করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রকে রুখে দেবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশে উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে,যার ফলে দেশ আজ অন্ধকারের দিকে চলে যাচ্ছে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত রাজাকার এটিএম আজহারুল ইসলামকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাস দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মুজাহিদ আনসারী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর স্থানীয় সহযোগী সংগঠন ছাত্রশিবির (তৎকালীন ইসলামী ছাত্রসংঘ) ও আল-বদও বাহিনীর নেতা ছিলেন এটিএম আজহারুল ইসলাম। রংপুর অঞ্চলে গণহত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী হিসেবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ কর্তৃক তার খালাস গভীর হতাশা ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা সৃষ্টি করছে।
সভাপতির বক্তব্যে হাফিজুল হক অবৈধ ও অসাংবিধানিক দখলদার সরকারের নির্দেশে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কর্তৃক কুখ্যাত যুদ্ধাপরাধী এটিএম আজহারকে খালাস দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি অবিলম্বে এই রায় বাতিল করে যুদ্ধাপরাধী এটিএম আজহারের শাস্তি কার্যকর করার দাবি জানান। হাফিজুল হক আরও বলেন, ছাত্রলীগের লঙ্গিবাহিনী হিসেবে মিছিলের মধ্যে যেমন মব সৃষ্টি করতে দেখা যেত, আজ তা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় শিবিরের মধ্যে দেখা যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আজ চট্টগ্রামে শিবিরের হামলা নতুন কিছু না, এটি তাদের গতানুগতিক চেহারা। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, রাজশাহী ও চট্টগ্রামে হামলা জামায়াত-শিবিরের একাত্তরের বিরোধিতাকে স্পষ্ট করে, একাত্তরের বিরোধী শক্তি এই জামায়াত-শিবির, যাদের হাতে বীরাঙ্গনাদের রক্ত লেগে আছে, তারা এ দেশে কখনো দাঁড়াতে পারবে না।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর