কানাডা প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৮ পূর্বাহ্ণ
প্রতিকী ছবি।
কানাডা সরকারের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে ১২ জন আত্মহত্যা করছে। আর এ হিসাব অনুযায়ী বছরে মোট ৪৫০০ জন কানাডিয়ান জীবন নিয়ে হতাশা-ব্যর্থতার গ্লানি মুছতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী মহিলার চেয়ে তিনগুণ বেশী পুরুষ আত্মহত্যা করছেন। এবং আত্মহত্যা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কারণ ১৫ বছর থেকে ৩৪ বছর বয়েসী তরুণ-তরুণীর মধ্যে। ৫০ বছর থেকে ৬৪ বছর বয়েসী কানাডিয়ানের প্রতি লাখে আত্মহত্যার হার হচ্ছে ২৫.৯ জন।
অপরদিকে, আত্মহত্যার চেষ্টা সফল না হওয়া কানাডিয়ানের মধ্যে যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তার বড় একটি অংশ হচ্ছে তরুণী এবং নারী। আত্মহত্যার চেষ্টাকারিদের মধ্যে সবচেয়ে বেশী হচ্ছে ১০ বছর থেকে ১৯ বছর বয়েসী তরুণী। এ বয়েসী প্রতি লাখ তরুনের ৪৩ জন করে আত্মহত্যার চেষ্টা করেছিল। এসব তথ্য নিয়ে পর্যালোচনাকালে ইউনিভার্সিটি অব টরন্টোর স্বাস্থ্য নিয়ে গবেষনারত সহযোগী অধ্যাপক ড. মার্ক সিনাইয়োর গণমাধ্যমে বলেছেন, আত্মহত্যার প্রবণতা রোধে ‘জাতীয় হটলাইন’ অপরিসীম ভ’মিকা রাখছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে অধ্যাপক মার্ক আরো বলেন, যুক্তরাষ্ট্রের হটলাইনে ফোন করার পর পরামর্শ পাওয়া ৯০% স্বাভাবিক জীবনে ফিরেছেন। যারা জীবনের প্রতি অতীষ্ঠ হয়ে তা থেকে মুক্তিলাভে আত্মহত্যাকেই একমাত্র উপায় মনে করেন, তারা যে জনবিচ্ছিন্ন, সমাজবিচ্ছিণ্ন কিংবা পরিবার-বিচ্ছিন্ন নন-তাদের কথা অন্যেরাও গুরুত্ব সহকারে ভাবেন, প্রতিকারের চেষ্টায় আছেন, এসব তথ্য জানার পর অনেকেই নতুন করে বাঁচার পথ খুঁজেন। ড. মার্ক উল্লেখ করেন, আর এমন কথা জানা যায় হটলাইনে ফোন করে অথবা টেক্সট মেসেজ পাঠিয়ে। কানাডায় এই হটলাইন নম্বর হচ্ছে ৯-৮-৮ এবং তা চালু করা হয়েছে ২০২৩ সালের নভেম্বরে। চলতি সপ্তাহে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নম্বরে গত বছরের জুন মাসের তুলনায় এ বছরের জুনে ফোন বেড়েছে ৩৯% এবং টেক্সট মেসেজ বেড়েছে ১৮%। আরো জানা গেছে, এ যাবত হটলাইনে হতাশাগ্রস্ত ৫ লাখ ৯৩ হাজার ২০২ কানাডিয়ানের প্রশ্নের জবাব দেয়া হয়। এই হেল্পলাইনের চীফ মেডিক্যাল অফিসার ড. এ্যালিসন ক্রোফোর্ড গণমাধ্যমে জানিয়েছেন যে, কানাডায় আত্মহত্যার প্রবণতা বাড়েনি। স্থিতাবস্থায় রয়েছে। হট লাইন চালুর পর হতাশাগ্রস্তদের কাছে থেকে টেলিফোন আসার ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে। আর এটি হচ্ছে খুবই আশাব্যঞ্জক ঘটনা। জীবনের প্রতি অনীহা আসা কানাডিয়ানের অনেকেই হটলাইনে পরামর্শ পেয়ে নতুন জীবনে উজ্জীবিত হচ্ছেন। ড. এ্যালিসন উল্লেখ করেছেন যে, হটলাইনে সবচেয়ে বেশী কল আসে অপরাহ্নে।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর