৪০ দিন পর ফেডারেল শাটডাউন অবসানে সমঝোতা

খাদ্য সংকটে লাখো বাংলাদেশীসহ ৪ কোটি আমেরিকান

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ১০ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৪ পূর্বাহ্ণ

খাদ্য সংকটে লাখো বাংলাদেশীসহ ৪ কোটি আমেরিকান

শাটডাউনের প্রতীকী ছবি।

৪০ দিন ধরে চলা কেন্দ্রীয় সরকারের সর্বস্তরে শাটডাউনের (অচলাবস্থা) কারণে বন্ধ সরকারি দপ্তরগুলো খোলার লক্ষ্যে রোববার ডেমোক্র্যাটিক পার্টির ৯ সিনেটরের সঙ্গে রিপাবলিকানদের একটি সমঝোতা সত্বেও চার কোটির অধিক গরিব আমেরিকানের খাদ্য ভর্তুকি (ফুডস্ট্যাম্প)’র অর্থ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এমনকি আন্তর্জাতিক ও অভ্যন্তরীন রুটে যাত্রীবাহি বিমান চলাচলে যে হ-য-ব-র-ল অবস্থা তৈরী হয়েছে সেটিরও অবসান আপাতত: ঘটছে বলে কেউই মনে করছেন না। কারণ, সমঝোতার এই প্রক্রিয়া তথা শাটডাউনের অবসানে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও বিল পাশ হতে হবে। নতুন অর্থ বছর শুরুর দিন অর্থাৎ ১ অক্টোবর শুরু হয়েছে এই শাটডাউন। সরকারী ব্যয় সম্পর্কিত বিল পাশে রিপাবলিকানদের সাথে ডেমক্র্যাটদের মতানৈক্য ঘটায় ফেডারেল সরকারের সবকিছু বন্ধ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৪০দিনের এই শাটডাউনকে সবচেয়ে দীর্ঘ হিসেবে অভিহিত করা যাচ্ছে। উল্লেখ্য, গরিবের চেয়েও গরিব আমেরিকানদের চিকিৎসা সেবায় প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চালু হওয়া ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’র (ওবামা কেয়ার হিসেবে পরিচিত) মেয়াদ সম্প্রসারণ নিয়ে রিপাবলিকানদের সাথে ডেমক্র্যাটদের এই বিরোধ তৈরী হয়েছে। ৩১ ডিসেম্বর স্বাস্থ্যসেবায় সরকারী ভর্তুকির মেয়াদ ফুরিয়ে যাবে। এটির সম্প্রসারণ ঘটানো সম্ভব না হলে নিম্ন আয়ের আমেরিকানদের সাথে সিনিয়র সিটিজেনদের চিকিৎসা নিতে বড় অংকের অর্থ লাগবে। সেই ব্যয় সংকুলান করা মাঝারি আয়ের আমেরিকানদের পক্ষেও সম্ভব হবে না বলে ডেমক্র্যাটরা এই দাবিতে অনড় রয়েছেন। ব্যালট যুদ্ধে সর্বস্তরের আমেরিকানদের নিরঙ্কুশ সমর্থনের ক্ষেত্রে ওবামা কেয়ার অপরিসীম ভূমিকা রাখে বলেও ডেমক্র্যাটদের বিশ্বাস।

জানা গেছে, রোববার সন্ধ্যার সমঝোতা অনুযায়ী রাতেই মার্কিন সিনেটে একটি পদ্ধতিগত ভোটে শাটডাউন বন্ধ সংক্রান্ত একটি প্রস্তাব (৬০-৪০) পাসও হয়েছে। এরপরও বিলটিকে কংগ্রেসের দুই কক্ষে বেশ কয়েকটি ধাপ পার হতে হবে, তারপর তা যাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ এ শাটডাউনের ইতি ঘটবে। এ পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েকদিন লাগবে। সে পর্যন্ত অধিকাংশ স্টেটের গরিব ও নিম্ন আয়ের ৪২ মিলিয়ন আমেরিকান খাদ্য ভর্তুকির (ফুডস্ট্যাম্প) অর্থ নিয়ে মহাসংকটে নিপতিত হয়েছেন। ১ নভেম্বর থেকে সেই বরাদ্ধে আপত্তি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফেডারেল বরাদ্দ সংকুচিত হওয়ায় ৭ নভেম্বর থেকে ৪০টি আন্তর্জাতিক এয়ারপোর্টে বিমান-উঠানামা কমিয়েছে ৪%। এরফলে রোববার পর্যন্ত ৪ হাজারের অধিক ফ্লাইট বাতিল এবং ১০ হাজারের মত ফ্লাইট চলাচলের সময়সূচি ভেঙ্গে পড়েছে বলে রোববারের সর্বশেষ তথ্য অনুযায়ী ‘ফেডারেল এভিয়েশন এজেন্সি’ জানায়। দ্রুত এহেন অচলাবস্থার অবসান না ঘটলে আসন্ন ‘থ্যাঙ্কসগীভিং ডে’র ছুটির সপ্তাহে স্বজনের সান্নিধ্যে আসার পরিক্রমায় বড় ধরনের সমস্যা তৈরীর আশংকা করা হচ্ছে।

শাটডাউনের কারণে বহু সরকারি কর্মীর চাকরি ঝুলে আছে, প্রভাব পড়েছে খাদ্য সহায়তা, পার্ক ও ভ্রমণেও। বিমান ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মীর ঘাটতি অব্যাহত রয়েছে।
ফুডস্ট্যাম্পের অর্থ ১ নভেম্বর থেকে বন্ধ থাকায় ছোট-বড়-মাঝারি সকল গ্রোসারি স্টোরে (সুপার মার্কেট) বিক্রি কমেছে ৪০%। প্রবাসী বাংলাদেশীদের বাণিজ্যিক পাড়ার গ্রোসারি-রেস্টুরেন্টসমূহেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। এহেন অবস্থার অবসানে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, টেক্সাস-সহ বেশ কটি স্টেটে স্বল্প আয়ের মানুষের মধ্যে আগে থেকেই চলমান বিনামূল্যে খাদ্য-সামগ্রি বিতরণের কার্যক্রমকে জোরদার করা হলেও তা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম বলে নির্বাচিত জনপ্রতিনিধিরা মন্তব্য করেছেন।

জানা গেছে, নিউ হ্যাম্পশায়ারের দুই ডেমোক্র্যাট সিনেটর ম্যাগি হাসান ও জন শাহীন এবং মেইনে থেকে স্বতন্ত্র হয়ে নির্বাচিত অ্যাংগাস কিংয়ের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করলে ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি দপ্তরগুলোর জন্য বরাদ্দ অর্থ ছাড় হবে।

প্রস্তাবটি গৃহীত হলে, শাটডাউন চলাকালে ট্রাম্প প্রশাসন যে গণছাঁটাই করেছে, তার মধ্যে কিছু অংশ চাকরি ফেরত পাবেন। আগামী এক বছর সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচিতে (ফুডস্ট্যাম্প) বরাদ্দ থাকবে। “সামরিক বাহিনীর ও কোস্ট গার্ডের সদস্য, ক্যাপিটল পুলিশের কর্মকর্তা, সীমান্তে টহল দেওয়া এজেন্ট, পরিবহন নিরাপত্তা প্রশাসনের (টিএসও) পরিদশর্ক, বিমান ট্রাফিক নিয়ন্ত্রকসহ সব ফেডারেল কর্মী তাদের বকেয়া বেতন পাবেন,” বলেছেন সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ার রিপাবলিকান সিনেটর সুসান কলিনস।

স্মরণ করা যেতে পারে, এই সমঝোতা প্রস্তাবে সম্মতি দেননি সিনেটে ডেমক্র্যাট নেতা সিনেটর চাক শ্যুমার। প্রতিনিধি পরিষদেও ডেমক্র্যাটদের বড় একটি অংশ এখন পর্যন্ত সমঝোতায় রাজি হয়নি বলে সোমবার সকালে পাওয়া সংবাদে জানা গেছে। ফলে শাটডাউনের যাঁতাকল থেকে অবমুক্তির ব্যাপারটি নিয়ে এক ধরনের সংশয় রয়েই গেছে।

Facebook Comments Box

Posted ৮:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us