এজাজ আহম্মেদ
প্রিন্ট
রবিবার, ২৮ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ১০:৪১ পূর্বাহ্ণ
সংগৃহীত ছবি
আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্দানকে টানা তিন ম্যাচে হারিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৪ জুলাই নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের চমক কেপ ভার্দে।
তবে নকআউটের আগে আর্জেন্টিনা সমর্থকদের ভাবিয়ে তুলতে পারে একটি পরিসংখ্যান। বিশ্বকাপের ইতিহাসে গ্রুপ পর্বে সব ম্যাচ জেতার পর কখনোই শিরোপা জিততে পারেনি আলবিসেলেস্তেরা। এর আগে চারবার এমন কীর্তি গড়লেও শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকেছে।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্স, মেক্সিকো ও চিলিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালেও উঠেছিল তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয়।
১৯৯৮ বিশ্বকাপে জাপান, জ্যামাইকা ও ক্রোয়েশিয়াকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। শেষ ষোলোতে ইংল্যান্ডকে বিদায় করলেও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়।
ডিয়েগো ম্যারাডোনার অধীনে ২০১০ বিশ্বকাপেও গ্রুপ পর্বে নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও গ্রিসকে হারিয়ে নিখুঁত রেকর্ড গড়েছিল আর্জেন্টিনা। কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ অভিযান।
২০১৪ বিশ্বকাপেও বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়াকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে ওঠে আর্জেন্টিনা। সেবার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায়।
এবারও একই পথে হাঁটছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন জয় নিয়ে আত্মবিশ্বাসী দলটি এখন নকআউটে কেপ ভার্দের চ্যালেঞ্জ মোকাবিলার অপেক্ষায়। তবে শুধু প্রতিপক্ষকে হারালেই হবে না, আলবিসেলেস্তেদের সামনে রয়েছে আরেকটি লক্ষ্য—গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়েও বিশ্বকাপ জিততে না পারার পুরনো ইতিহাস বদলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়া।
Posted ১০:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর