ফ্রান্সকে চমকে দেওয়ার স্বপ্নে সুইডেন, অতীতের জয়ই লারসনের ভরসা

এজাজ আহম্মেদ   প্রিন্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৩০ পূর্বাহ্ণ

ফ্রান্সকে চমকে দেওয়ার স্বপ্নে সুইডেন, অতীতের জয়ই লারসনের ভরসা

সংগৃহীত ছবি

কঠিন পথ পেরিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়া সুইডেনের সামনে এবার সবচেয়ে বড় পরীক্ষা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্স। তবে অতীতে বড় মঞ্চে ফরাসিদের হারানোর স্মৃতি থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন সুইডেনের সহকারী কোচ সেবাস্তিয়ান লারসন।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান দল। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের ফ্রান্স। অন্যদিকে নানা বাধা পেরিয়ে তৃতীয় সেরা দল হিসেবে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে সুইডেন।

বিশ্বকাপে ওঠার জন্য বাছাইপর্বের প্লে-অফ খেলতে হয়েছিল সুইডিশদের। মূল পর্বে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দারুণ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হেরে চাপে পড়ে দলটি। শেষ ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট নিশ্চিত করে তারা।

ম্যাচের আগে ফ্রান্সের শক্তিমত্তার কথা স্বীকার করেছেন সুইডেনের সহকারী কোচ সেবাস্তিয়ান লারসন। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি।

লারসন বলেন, “ফ্রান্স সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তাদের দলে অসাধারণ মানের অনেক খেলোয়াড় আছে। আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই ম্যাচটির জন্য প্রস্তুতি নিচ্ছি।”

২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ফ্রান্সকে ২-০ গোলে হারানো সুইডেন দলের সদস্য ছিলেন লারসন। সেই ম্যাচে দলের দ্বিতীয় গোলটিও করেছিলেন সাবেক এই মিডফিল্ডার। তাই অতীতের সেই জয় বর্তমান দলকে বাড়তি অনুপ্রেরণা জোগাবে বলেই বিশ্বাস তার।

তিনি বলেন, “আমরা আগেও বড় দলকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছি। সেই অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস দেয়, আশা করি বর্তমান খেলোয়াড়দেরও দেবে। ফ্রান্স শক্তিশালী, কিন্তু তাদের হারানো অসম্ভব নয়।”

নকআউট পর্বে ফেবারিট হিসেবে মাঠে নামবে ফ্রান্স। তবে অতীতের স্মৃতি আর লড়াকু মানসিকতাকে সঙ্গী করে আরেকটি চমকের স্বপ্ন দেখছে সুইডেন। মঙ্গলবারের লড়াইয়ে সেই স্বপ্ন কতটা বাস্তব হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us