অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২০ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৬:১৮ পূর্বাহ্ণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার (১৮ মে) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তখন তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারের পর নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিকেল পাঁচটার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ওইদিনই শিক্ষার্থী এনামুল হকের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরদিন সোমবার (১৯ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ২৮ এপ্রিল এনামুল হক নামের এক শিক্ষার্থী অভিনেত্রী নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয়শিল্পী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনসহ অজ্ঞাতপরিচয় তিন-চার শতজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার বাদীর অভিযোগ, অভিযুক্তরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ দমনে সহায়তা করেছেন এবং তা দমন করতে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।
নুসরাত ফারিয়ার আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এবং ভিত্তিহীন মামলায় তাকে হয়রানি করা হয়েছে। জামিন পাওয়ার পর তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সৌজেন্যে: বিজনেসআই২৪
Posted ৬:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর