নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১১:০৩ অপরাহ্ণ
![]()
নিজস্ব প্রতিনিধি
দ্বিতীয়বারের মতো নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে মহালয়া ও দুর্গোৎসব। আগামী ১০ ও ১১ অক্টোবর দু দিনব্যাপী এ উৎসবে থাকবে মহালয়ার চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর প্রেসিডেন্ট অশোক রক্ষিত, নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির নেতা অধ্যাপক নবেন্দু দও, সংগঠনের সভাপতি শশধর হাওলাদার, বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট রিনা সাহা, আড্ডা একাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ, আয়োজক কমিটির কর্মকর্তা অনুপম দও, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি।
এছাড়া সংগীত সাধনা একাডেমির প্রধান পরিচালক মালবিকা চ্যাটার্জি, নৃত্যাঞ্জলি একাডেমির প্রধান পরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং পূজার পুরোহিত প্রবাস চক্রবর্তীও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
মহালয়ার দিনে নিউইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। এরপর মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমি পরিবেশন করবে উদ্বোধনী সংগীতানুষ্ঠান।
উৎসবের অন্যতম আকর্ষণ হবে নৃত্য পরিবেশনা। চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন এ পর্বে। পাশাপাশি বাফা ও আড্ডার শিল্পীরাও নৃত্য পরিবেশন করবেন।
প্রথম দিনের অনুষ্ঠানে আরও থাকবে বাংলাদেশ ও নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের পরিবেশনা। পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী মেঘলা দাশ গুপ্তও কনসার্টে অংশ নেবেন।
দ্বিতীয় দিন, ১১ অক্টোবর রবিবার সকাল ১০টায় শুরু হবে দুর্গাপূজা। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে অঞ্জলি। এদিন নৃত্যাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় থাকবে বিশেষ ধুনুচি নাচ।এছাড়া পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী দিয়াসিনী রায়ের পরিবেশনার পাশাপাশি জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের কনসার্টও অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নিরুপমা সাহা জানান, অতিথি শিল্পী হিসেবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেবেন।
এ সময় হিন্দু কমিউনিটির নেতা নবেন্দু দও বলেন, নব্বই দশকের শুরুতে নিউইয়র্কে বাংলাদেশি হিন্দুদের দুর্গাপূজা শুরু হয়। সে সময় বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গের বাঙালিদের আয়োজিত পূজায় অংশ নিতেন। কিন্তু টাইমস স্কয়ারে দুর্গোৎসব শুরু হওয়ার পর এটি এখন সকল বাঙালির মিলন ও আনন্দের মহোৎসবে পরিণত হয়েছে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24