নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৭ পূর্বাহ্ণ
ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী।
নিউইয়র্ক সিটির ডাউনটাউনে পুলিশ সদর দপ্তরে ৫ সেপ্টেম্বর শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পাওয়া বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট কারাম চৌধুরী। একইসাথে পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতির সার্টিফিকেট গ্রহণ করেছেন জসিম মিয়া, তুহিন খান এবং আবু নূর মোহাম্মদ সৈয়দ। উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশের ১০৪ প্রেসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে কর্মরত কারাম চৌধুরী বৃহত্তর সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তিলাগাঁও গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন চৌধুরীর একমাত্র পুত্র। কারাম চৌধুরী ১৯৯৩ সালে মাত্র ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০৫ সালে যোগ দেন নিউইয়র্ক পুলিশের অফিসার পদে।
সার্জেন্ট জসিম মিয়া।
সি ডাব্লু এ লোকাল ১১৮২ এর সাবেক সাধারণ সম্পাদক এবং এনওয়াইপিডি ট্রাফিক বিভাগের সুপারভাইজার মোহাম্মদ শাহজাহানের বড়ছেলে আবু নূর মোহাম্মদ সৈয়দ একাউন্টিংয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ২০১৬ সালে পুলিশ ক্যাডেট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০১৮ সালে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন। এটি বাংলাদেশী পরিবারের প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের অভাবনীয় সাফল্যের অন্যতম।
সার্জেন্ট হিসাবে পদোন্নতি লাভকারী জসিম মিয়া বাপা তথা বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-ট্রেজারার । শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালচুড়া গ্রামের কৃতি সন্তান জসিম মিয়া ২০১৮ সালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে একজন অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ২০০৯ সালে ২১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসে জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর করেছেন।
মৌলভীবাজারের রাজনগরে জন্মগ্রহণকারী তুহিন খান ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের অভিবাসি হন। তিনিও জন জে কলেজে ক্রিমিনাল জাস্টিস বিভাগ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে ২০১৭ সালে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে যোগদান করেন এবং পুলিশ বিভাগের স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ (এসআরজি) ইউনিটে কর্মরত ছিলেন।
বিশ্বের সেরা এই পুলিশ বাহিনীতে কর্মরত বাংলাদেশী আমেরিকানদের পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পদোন্নতির ঘটনায় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘বাপা’র প্রেসিডেন্ট সার্জেন্ট-ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক। তারা এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের।
সার্জেন্ট তুহিন খান ও আবু নূর মোহাম্মদ।
বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার আরো জানান, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে হাজারখানেক বাংলাদেশী অত্যন্দ সুনামের সাথে চাকরি করছেন। অনেকেই পেশাগত দক্ষতার পাশাপাশি সততা-নিষ্ঠা-সাহসিকতারও প্রশংসা অর্জন করেছেন। ফলে এই বাহিনীতে নতুন প্রজন্মও আকৃষ্ট হচ্ছেন।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর