নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২১ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:১৪ পূর্বাহ্ণ
নূরুল হাসান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ভ’য়া ভোটের মাধ্যমে নির্বাচনী ফলাফল নিজের পক্ষে আনার ষড়যন্ত্রে লিপ্ত থাকার মামলায় পেনসিলভেনিয়া স্টেটের মিলবোর্ন বরোর দুই কাউন্সিলম্যান নুরুল হাসান (৪৮) এবং রফিকুল ইসলাম (৫২) কে বিভিন্ন মেয়াদের কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। ১৮ জুন ফিলাডেলফিয়ায় অবস্থিত ফেডারেল কোর্টের মাননীয় জজ হার্ভে বার্টেল থার্ড প্রতারণার এ মামলার রায় ঘোষণা করেছেন। চট্টগ্রামের বন্দর টিলার সন্তান নুরুল হাসানকে ৩ বছরের কারাদন্ড ভোগের পর মুক্তিলাভ করলেও আরো এক বছর কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে থাকতে হবে। এবং ৩৩০০ ডলার জরিমানা করা হয়েছে। ২০২১ সালে এই মিলবোর্ন বরোর মেয়র প্রার্থী ছিলেন নুরুল হাসান। ২০১৬ সাল থেকে এই বরোর কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসা নুরুল হাসান এহেন প্রতারণামূলক আচরণে লিপ্ত হয়েছিলেন মেয়র পদে আরেক বাংলাদেশী প্রার্থী মাহাবুবুল আলম তৈয়বকে ধরাশায়ী করতে। উল্লেখ্য, তৈয়বও চট্টগ্রামের হালিশহরের সন্তান। একই ভ’য়া ভোট ও প্রতারণার মামলায় মিলবোর্ন বরোর কাউন্সিলম্যান রফিকুল ইসলামকে এক বছর একদিনের কারাদন্ড এবং দন্ডভোগের পর আরো এক বছর কর্র্তপক্ষের নজরদারিতে থাকতে হবে। তাকে জরিমানা করা হয়েছে এক হাজার ডলার। কুষ্টিয়ার সন্তান রফিকুল ইসলাম ২০১৯ সাল থেকে এই বরোর কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। একই মামলার অপর অভিযুক্ত কাউন্সিলম্যান মনসুর আলী (৪৮)’র বিরুদ্ধে একই বিচারক জেল-জরিমানা ঘোষণা করবেন ২৬ জুন। মনসুর আলী হচ্ছেন পাবনার সন্তান। উল্লেখ্য, এই তিনজনই গত এপ্রিলে নিজেদের অপকর্মের জন্যে দোষ স্বীকারের পাশাপাশি কম্যুনিটির বিশিষ্টজনদের কাছে সুপারিশপত্র নিয়ে মাননীয় আদালতে সাবমিট করেছিলেন দন্ডের মাত্রা লঘু করার জন্যে। কিন্তু নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রকে প্রশাসন গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ দন্ডের রায় ঘোষণা করেছেন বলে পেনসিলভেনিয়াস্থ ইউএস এটর্নী ডেভিড ম্যাটকালফ গণমাধ্যমকে জানিয়েছেন। মামলার উদ্ধৃতি দিয়ে ইউএস এটর্নী ডেভিড ম্যাটকালফ আরো জানান, দীর্ঘ তদন্তের পর গত ফেব্রুয়ারিতে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে ভোটার নিবন্ধনে প্রতারণা, অন্য এলাকার মানুষকে ভ’য়া ঠিকানায় ভোটার বানানো এবং ডাকযোগে ব্যালট পাঠানোর আগে স্বাক্ষর জাল করে নিজের পক্ষে ভোট দেয়ার তথ্য প্রমাণিত হয়। এর দু’মাস পর গত এপ্রিলে তিনজনই দোষ স্বীকার করেন। নুরুল হাসান এবং রফিকুল ইসলামকে আসছে ১৫ আগস্ট নিকটস্থ কারাগারে রিপোর্ট করতে হবে এবং সেদিন থেকেই শুরু হবে তাদের জেল-জীবন।
ফিলাডেলফিয়া সিটির মধ্যে ছোট্ট একটি এলাকা নিয়ে গঠিত ‘মিলবোর্ন বরো’র মেয়রসহ কাউন্সিলম্যানদের অধিকাংশই বাংলাদেশী। যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশীদের উত্থানের ক্ষেত্রে এই সিটিকে অনেকে উদাহরণ হিসেবে ব্যবহার করতেন। সেই সিটির নির্বাচিত কাউন্সিলম্যানরা এহেন জালিয়াতি আর প্রতারণার সাথে জড়িয়ে পড়ার সংবাদে গোটা কম্যুনিটি বিস্ময়ে হতবাক।
রফিকুল ইসলাম। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
জানা গেছে, মিশিগানে বাংলাদেশী অধ্যুষিত হ্যামট্রমিক সিটিতেও বাংলাদেশী কাউন্সিলম্যানের বিরুদ্ধে জালিয়াতি আর প্রতারণার একই ধরনের অভিযোগ উঠেছে। সে ব্যাপারেও উচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
মিলবোর্ন বরোর ৩ প্রার্থীর উপরোক্ত প্রতারণা ও জালিয়াতির মামলার বিবরণে জানা গেছে, এই বরোর অধিবাসী নন এমন পরিচিতজনদের নাম ও জন্ম তারিখ চুরি করে এখানকার ঠিকানায় ভোটার বানানো হয় এবং নিজেদের ই-মেল দেয়া হয় ভোটার হিসেবে নিবন্ধিত হবার সময়। এসব করা হয় বোর্ড অব ইলেকশনের ওয়েবসাইটে। এরপর ডাকযোগে ভোট প্রদানের অনুরোধ জানানো হয় ওয়েবসাইটেই। কথিত ঠিকানায় ব্যালট আসার পর এই তিনজনে তা সংগ্রহ করেন ( যেহেতু তারাই দিয়েছেন সেই ঠিকানা) এবং নুরুল হাসানকে মেয়র হিসেবে ভোট প্রদানের পর তা ডাকযোগেই ফেরৎ পাঠানো হয় বোর্ড অব ইলেকশনের অফিসে। এক্ষেত্রে জাল স্বাক্ষর প্রদান করা হয়। এমনভাবে জাল ভোট প্রদানের পরও নুরুল হাসান ২৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তৈয়বের কাছে। ফিলাডেলফিয়াস্থ এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ওয়াইন এ জ্যাকবসের নেতৃত্বে এই প্রতারণার তদন্ত চালানো হয়। ইউএস এটর্নী মেটকালফ বলেন, মিলবোর্ন বরোর মেয়র কে হবেন সে সিদ্ধান্ত গ্রহণে ভোটারগণের ইচ্ছাকে ছিনতাইয়ের ফাঁদ পেতেছিলেন অভিযুক্তরা। নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যেই আমার অফিস বদ্ধপরিকর সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ওয়াইন বলেন, নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রের মূলভিত্তি। এ অবস্থায় যারা প্রতারণার মাধ্যমে ফলাফল ছিনতাইয়ের পাঁয়তারা করে তারা শুধু বেআইনী কাজেই লিপ্ত হয় না, তারা ভোটারের ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্রেও লিপ্ত হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালায়। এফবিআই সবসময়ই নির্বাচনী ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে সংকল্পবদ্ধ।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর