প্রবাসীদের ভোটার বানানোর নির্দেশ তারেক রহমানের

আনিসুর রহমান   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:০৯ পূর্বাহ্ণ

প্রবাসীদের ভোটার বানানোর নির্দেশ তারেক রহমানের

তারেক রহমান। ছবি-সংগ্রহ।

প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু তাই নয়, নিজ এলাকায় ফিরে যারা নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী তাদেরকেও সামগ্রিক কল্যাণে নিবেদিত হবার উদাত্ত আহবান জানিয়েছেন বিএনপির এই নেতা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় এই নির্দেশ দেন তারেক রহমান। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে যোগদান শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানাতে সমবেত হয়েছিলেন নেতৃবৃন্দ। সে সময় তারেক রহমান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনযোগ দিয়ে শোনেন সেখানে থাকা নেতাকর্মীরা। এসময় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু এবং গিয়াস আহমেদ, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সেক্রেটারি সাইদুর রহমান সাইদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন-সহ বিএনপি নেতা জসীম উদ্দিন ভূঁইয়া, রিয়াজ মাহমুদ, এম এ সবুর, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ নেতাকর্মীরাও ছিলেন।

তারেক রহমান ফোনালাপে বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস এবং কনস্যুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে। যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারেন। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করেন, ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে আপনাদেরও কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই তারা বসে থাকবেন না।’

তারেক রহমান আরও বলেন, ‘প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে আছে সাড়ে ১২ কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে ১৩ কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কী নিয়ম করেছে সেগুলো বুঝেশুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।’ তারেক রহমানের এ নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্টরা নিজ নিজ সাংগঠনিক কাঠামোতে ছড়িয়ে দিয়েছেন বলে মঙ্গলবার প্রাপ্ত সংবাদে জানা গেছে।

 

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us