অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:২২ পূর্বাহ্ণ
একত্রিশ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)। বৃহস্পতিবার কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে প্রদীপ জ্বালিয়ে এবারের উৎসব উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসময় তার সঙ্গে ছিলেন পরিচালক রমেশ সিপ্পি, অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই প্ল্যাটফর্ম প্রকৃত অর্থেই একটি বিশ্বমঞ্চ। সিনেমা কেবল গোটা বিশ্বের সঙ্গে সংযোগ রক্ষা করে না, এই মাধ্যমটি মানবিকতা, শান্তি, বন্ধুত্ব, শিক্ষা, সংস্কৃতি, ভাষাসহ সবকিছুর সংযোগ রক্ষাকারী। সিনেমার কোন সীমারেখা হয় না। বিশ্ব একটাই এবং আমরাও এক। আর এটাই এই সিনেমা উৎসবের মূল উদ্দেশ্য।’
আয়োজকরা জানান, উৎসব চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। উৎসবে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ব্রাজিল, মরক্কো, শ্রীলংকা, চীন, জাপান, ইরান, সিঙ্গাপুর, ফিলিস্তিন, ইরাক, সৌদি আরব, মিশরসহ ৩৯টি দেশের ২১৫টি সিনেমা দেখানো হবে। তবে গতবারের মত এবারও অংশ নেয়নি বাংলাদেশি কোনো সিনেমা। মূলত ভিসা জটিলতা এবং রাজনৈতিক কারণে এ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের উপস্থিতি নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে একটি সিনেমা জমা হয়েছিল। ছবিটি হলো তানভীর চৌধুরীর ‘কাফ্ফারা’। কিন্তু উৎসব কমিটির শর্ত পূরণ না করায় সিনেমাটি বাদ পড়ে।
উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে ছিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যান গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, জিৎ মাতনানি, পরমব্রত চট্টোপাধ্যায়, দীপক অধিকারী (দেব), সোহম চট্টোপাধ্যায়, অভিনেত্রী লিলি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জুন মালিয়া, কোয়েল মল্লিক, পাওলি দাম, পরিচালক হরনাথ চক্রবর্তী, সুজয় ঘোষ, রাজ চক্রবর্তী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, শোভন দেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির পাশাপাশি নেদারল্যান্ডস, তিউনিশিয়া, শ্রীলংকা, যুক্তরাজ্য, কিরগিজস্তান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের জুরি মেম্বার উপস্থিত ছিলেন।
Posted ১০:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর