নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০২ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:০০ পূর্বাহ্ণ
ডিটেকটিভ দিদারুল ইসলামের পেশাগত সাহসিকতাকে চিরস্মরণীয় করে রাখতে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ভার্জিনিয়া এভিনিউর নাম পরিবর্তন করে ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম এভিনিউ’ করার আহবান জানানোর মধ্যদিয়ে ১ আগস্ট জ্যামাইকার হিলসাইড এভিনিউ সংলগ্ন মেজর মার্ক পার্কে শোক ও শ্রদ্ধাঞ্জলি সমাবেশ হয়েছে। এই সমাবেশের আয়োজক সংগঠনের অন্যতম ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার সিটির সম্ভাব্য মেয়র জোহরান মামদানির দৃষ্টি আকর্ষণ করে এই আহবান জানিয়েছেন। অর্থাৎ সামনের নভেম্বরের নির্বাচনে মামদানি যদি বিজয়ী হোন তাহলে যেন রাস্তার নামকরণের অনুরোধটি রক্ষা করেন। উল্লেখ্য, ২৮ জুলাই সন্ধ্যায় মিডটাউন ম্যানহাটানের পার্ক এভিনিউতে অবস্থিত একটি ভবনের নিরাপত্তার দায়িত্ব পালনকালে বন্দুকধারি শ্যানে তামুরার উপর্যুপরি গুলিতে নিহত হয়েছেন ৩৬ বছর বয়েসী বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসার দিদারুল ইসলাম। তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয় ৩১ জুলাই বৃহস্প্রতিবার ব্রঙ্কসে পার্কচেষ্টার জামে মসজিদে। সে সময় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার জেসিকা টিশ দিদারের কর্মনিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা উচ্চারণের পর মরনোত্তর পদোন্নতির ঘোষণা দেন। প্রথম গেডের ডিটেকটিভ হিসেবে দিদারের মরনোত্তর পদোন্নতির এ অনুরোধ সর্বপ্রথম জানিয়েছিলেন ডেমক্র্যাট এটর্নী মঈন চৌধুরী।
ডিটেকটিভ দিদার স্মরণ-সমাবেশে জোহরান মামদানি। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
‘শোক ও শ্রদ্ধাঞ্জলি সমাবেশ’-এ বক্তব্যকালে ডেমক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী স্টেট এ্যাসেম্বলীম্যান জোহরান মামদানি ডিটেকটিভ দিদারের কর্মনিষ্ঠার প্রশংসা করে বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পেশাগত দায়িত্ব পালনে যে উদাহরণ তৈরী করে গেলেন ডিটেকটিভ দিদারুল ইসলাম, তাকে ধারণ করতে হবে আমাদের সকলকে, তাহলেই তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব হবে। এবং আজকের এই সমাবেশে নয়, সামনের প্রতিটি দিন এবং ক্ষণে। জোহরান উল্লেখ করেন, এর মধ্যদিয়েই বহুজাতিক এ সমাজে তথা সারা আমেরিকায় নিজেদের পেশাদারিত্বে সততা-নিষ্ঠার প্রকাশ ঘটিয়ে কম্যুনিটি হিসেবে আমরাও যে আমেরিকার উন্নয়ন অভিযাত্রায় নিরন্তরভাবে সরব রয়েছি তার জানান দিতে হবে।
ডিটেকটিভ দিদার স্মরণ-সমাবেশে স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার বলেন, পেশাগতম দায়িত্ব পালনে দিদার ছিলেন সকলের মধ্যে শ্রেষ্ঠ এবং উজ্জ্বলতম আমাদের কম্যুনিটিতে। প্রতিদিনই তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন এই সিটির নিরাপত্তার জন্যে। নগরবাসী তথা এই দেশের নিরাপত্তা সুসংহত রাখার জন্যে ডিটেকটিভ দিদারুল ইসলামের অবদানকে স্মরণীয় করে রাখতে হবে। দিদার ছিলেন গৌরব আর অহংকারি আমেরিকান।
ডিটেকটিভ দিদার স্মরণ-সমাবেশে স্টেট সিনেটর জন ল্যু। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু ডিটেকটিভ দিদারের আত্মার শান্তি কামনা করে বলেন, দিদার ছিলেন উদিয়মান বাংলাদেশী কম্যুনিটির অন্যতম তারকা।
এ সমাবেশের অন্যতম হোস্ট ‘বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দিদারের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন এবং বলেন, ডিটেকটিভ দিদার ছিলেন আমাদের কম্যুনিটির অহংকারের প্রতিক, এই সিটির নিরাপত্তার দায়িত্ব পালনরত অন্যদের জন্যে অনুকরনীয় হয়ে থাকবেন সাহসী এই মানুষটি।
সহকমীগণকে পাশে নিয়ে কথা বলছেন বাপার প্রেসিডেন্ট এরশাদুর রহমান। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
ইমাম ড. জাকির আহমেদ এবং শামসী আলী বলেছেন মুসলিম আমেরিকানরা এই আমেরিকার সামগ্রিক নিরাপত্তায় জীবন বিলিয়ে দিতেও কুন্ঠা করছেন না-দিদার তার অন্যতম উদাহরণ। এতদসত্ত্বেও মূলধারার মিডিয়াগুলো সুযোগ পেলেই মুসলিম আমেরিকানদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করতে দ্বিধা করে না। তারা উল্লেখ করেন, আমরা মুসলমানেরাও আমেরিকার অংশ এবং সে ভূমিকাতেই রয়েছি-এটা অস্বীকারের উপায় নেই।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশী আমেরিকানদের সংগঠন ‘বাপা’র সভাপতি এরশাদুর রহমান এবং সাবেক সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী ডিটেকটিভ দিদাদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। তারা বলেছেন যে, পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত প্রতিটি সদস্যই সামগ্রিক নিরাপত্তায় নিজের জীবন বিলিয়ে দিতে কুন্ঠা করেন না, দিদার ছিলেন তাদেরই একজন।
ডিটেকটিভ দিদার স্মরণ-সমাবেশে মোহাম্মদ আলী। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
সমাবেশে ইউএস সিনেটে বিরোধী দলীয় নেতা সিনেটর চাক শ্যুমারের প্রতিনিধি ছাড়াও দিদাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কথা বলেছেন কাউন্সিলওম্যান নাটালিয়া উইলিয়ামস। দিদাদের একজন আত্মীয় সমাবেশের আয়োজকসহ উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
সমাপনীতে ছিল মোমবাতি প্রজ্বলন এবং দিদাদের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পন। সমগ্র অনুষ্ঠানের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিলেন ‘ভালো’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ০২ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর