মানবতার প্রতি ভালোবাসার হৃদয়াবেগ, নিউইয়র্কে নারী কর্তৃক নারীর ক্ষমতায়নের অনন্য উদযাপন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫১ পূর্বাহ্ণ

মানবতার প্রতি ভালোবাসার হৃদয়াবেগ, নিউইয়র্কে নারী কর্তৃক নারীর ক্ষমতায়নের অনন্য উদযাপন

নারী কর্তৃক নারীর ক্ষমতায়ন-অনুষ্ঠানে রাহাত-দম্পতির সাথে লেখক-সমাজ সংগঠক। ছবি-এনওয়াইভয়েস২৪।

নিউইয়র্ক সিটির কুইন্স সেন্ট্রাল লাইব্রেরি অডিটোরিয়ামে শনিবার ৫ এপ্রিল দুপুরে নারী কর্তৃক নারীর ক্ষমতায়নের এক অনুপ্রেরণাদায়ক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত সমাজসেবী, উদ্যোক্তা এবং কমিউনিটি সংগঠক রাহাত হোসেন। তাঁর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন কুইন্স পাবলিক লাইব্রেরির কর্মকর্তা সেলিনা শারমিন এবং লেখিকা রাজিয়া নাজমী।

আলোচনায় রাহাত হোসেনের নিঃস্বার্থ সামাজিক কর্মযজ্ঞ ও মানবিক উদ্যোগগুলো নিয়ে সময়োপযোগী ও অন্তরঙ্গ আলাপ হয়। তাঁর মানবতার প্রতি নিষ্ঠা ও আত্মত্যাগের কথা শ্রোতারা গভীর আবেগ ও শ্রদ্ধা নিয়ে শুনেছেন। রাজিয়া নাজমী বলেন, “উত্তর আমেরিকায় রাহাত হোসেন সম্ভবত একমাত্র নারী যিনি একটি মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।”
বিশেষভাবে উল্লেখ্য, কোভিড-১৯ মহামারির প্রারম্ভেই রাহাত হোসেন মসজিদের জামাত ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্থানান্তরের সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এই উদ্যোগ মুসলিম কমিউনিটির নিরাপত্তা ও ধার্মিকতা দুটোই বজায় রেখেছে এবং সময়ের প্রয়োজনে তা ছিল অপরিহার্য।

নারী কর্তৃক নারীর ক্ষমতায়নের আলোচনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

রাহাত হোসেন মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের শহীদ ডা. শামসুদ্দিন আহমেদের কন্যা। তাঁর পিতার মতোই, রাহাত হোসেন মানবতার সেবায় নিষ্ঠা দেখাচ্ছেন। তাঁর ভাই প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ বর্তমানে ফিলাডেলফিয়ায় অধ্যাপনারত এবং তিনি সেখানেই বসবাস করেন। তাঁদের মা মরহুমা হোসনে আরা আহমেদ ছিলেন সিলেট মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও একজন নারী জাগরণের পথিকৃৎ।

অনুষ্ঠানে রাহাত হোসেন এবং তাঁর জীবনসঙ্গী জাকি হোসেন বলেন, “জীবনের উপার্জন নিয়ে কেউ কবরে যাবে না, তাই মানবতার কল্যাণেই প্রতিটি সম্পদ ব্যয় হওয়া উচিত।” এই বিনয়ী অথচ প্রগাঢ় উচ্চারণ যেন একটি আশাবাদের বার্তা হয়ে শ্রোতাদের হৃদয়ে প্রশান্তির ঝরনা বইয়ে দেয়।

লেখিকা রাজিয়া নাজমীর অনুপ্রেরণোমূলক প্রশ্নগুলোর মাধ্যমে উঠে আসে রাহাত দম্পতির বিভিন্ন দাতব্য কাজের বিশদ বিবরণ। শ্রোতারা গভীর মনোযোগে, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে সেই গল্পগুলো শুনছিলেন, যেন মানবতার প্রতি ভালোবাসার হৃদয়াবেগে ভরে উঠছিল গোটা হলরুম।

এই অনুষ্ঠানটি নারীর ক্ষমতায়ন ও কমিউনিটির অগ্রযাত্রায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অনেকে মনে করছেন।

 

 

Facebook Comments Box

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us