নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১২ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৯ পূর্বাহ্ণ
ওয়াশিংটন ডিসিতে শিক্ষা দফতরের অফিস। ছবি-সংগ্রহ।
ইউএস সিনেটে রিপাবলিকানদের ৬০ ভোট থাকলে শিক্ষা বিভাগের বিলুপ্তি ঘটাতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা মাত্র ৫৩ ভোটের অধিকারি। এ অবস্থায় কংগ্রেসের অনুমোদন ব্যতিত শিক্ষা বিভাগের বিলুপ্তি ঘটানো সম্ভব হচ্ছে না। তাই সংকোচনের নীতি অবলম্বন করা হয়েছে। মঙ্গলবার এক ঘোষণায় শিক্ষা বিভাগের কর্মচারি হ্রাসের পরিকল্পনার কথা জানানো হয়েছে। ১৩১৫ জনকে লেঅফ এবং আরো ৬০০ জন ফেডারেল প্রশাসনের আহবানে স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন। এছাড়া আরো ৬৩ জন প্রবেশনারী অফিসারকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এভাবে ৪১৩৩ জন কর্মচারির এই দপ্তরটি সংকুচিত হয়ে ২২০০ জনে নেমেছে। এর ফলে আমেরিকান শিশুদের মেধা/প্রতিভা বিকাশের সকল সুযোগ থামিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে, টাম্পের এমন সিদ্ধান্তের কট্টর সমর্থকরা দাবি করছেন যে, কর্মচারির সংখ্যা হ্রাসের প্রভাব পড়বে না সামগ্রিক কর্মকান্ডে। শিক্ষার্থীদের জন্যে প্রয়োজনীয় সার্ভিস, স্কুল ডিস্ট্রিক্টসমূহের মঞ্জুরি বিতরণ এবং শিক্ষাঙ্গনে নাগরিক অধিকার সুরক্ষা যথাযথভাবেই অব্যাহত থাকবে।
তবে শিক্ষা মন্ত্রী লিন্ডা ম্যাকমোহনের মতে, কর্মচারি হ্রাসের ফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের সামগ্রিক সহযোগিতার যে অঙ্গিকার ছিল সেটি ব্যাহত হবে-এটা বলার অপেক্ষা রাখে না। যথাযথভাবে দায়িত্ব পালন করাও সম্ভব হবে না।
তবে, সাবেক একজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের এই নির্দেশও আইনী চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং তিনি হেরে যাবেন। শিক্ষা বিভাগের ২৮০০ কর্মচারির প্রতিনিধিত্বকারি শ্রমিক ইউনিয়ন ‘আমেরিকান ফেডারেশন অব গভর্ণমেন্ট অ্যামপ্লয়িজ লোকাল-২৫২’র প্রেসিডেন্ট শেরিয়া স্মিথ ইতিমধ্যেই কংগ্রেসের প্রতি আহবান জানিয়েছেন ট্রাম্পের সিদ্ধান্তটি পাল্টে দেয়ার জন্যে। তিনি বলেছেন, এহেন কর্মকান্ডকে আমরা রুখে দেবই। এজন্যে তিনি সচেতন আমেরিকানদের সমর্থন কামনা করেছেন। ‘আমাদের দেশের শিশু, শিক্ষক, প্রতিবেশী এবং চলমান জীবন-যাপন স্বাভাবিক রাখার স্বার্থেই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে শিক্ষা বিভাগের বিলুপ্তি রোধে। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে একটি জাতিকে ধ্বংস করার প্রক্রিয়া সমর্থনযোগ্য হতে পারে না।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর