রমজানে ৩০ দিনে ৩০ মসজিদে ইফতার বিতরণ: নিউইয়র্ক ও লাখাইয়ে এটর্নী মঈন চৌধুরীর মহতী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১২ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ১:৫১ অপরাহ্ণ

রমজানে ৩০ দিনে ৩০ মসজিদে ইফতার বিতরণ: নিউইয়র্ক ও লাখাইয়ে এটর্নী মঈন চৌধুরীর মহতী উদ্যোগ

নিউইয়র্কের জ্যামাইকায় রিয়াজুল জান্নাহ মসজিদে ইফতার বিতরণের প্রাক্কালে কর্মকর্তাগণের সাথে এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪।

রমজানের প্রতিদিনই মসজিদে ইফতার বিতরণ করছেন নিউইয়র্কের প্রিয় ব্যক্তিত্ব কুইন্স ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী। গত ৩ বছর ধরে রোজাদার মুসল্লির মধ্যে ইফতার পরিবেশনের এ কর্মসূচি হাতে নিয়েছেন ইমিগ্রেশনে বিশেষ পারদর্শী এই এটর্নী মঈন চৌধুরী। নিউইয়র্কের পাশাপাশি প্রিয় জন্মভ’মি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কাটিহারা গ্রামে প্রতিষ্ঠিত ‘আলহাজ্ব এ মতিন চৌধুরী জামে মসজিদ’-এ একই কর্মসূচি চলছে আপন ছোটভাই সিপিএ ওয়াসি চৌধুরীর সহযোগিতায়। এভাবে দেশ ও প্রবাসে রোজাদারদের জন্যে অকৃপণভাবে দান-খয়রাতের পাশাপাশি আর্ত-পীড়িত মানুষের কল্যাণেও মঈন চৌধুরীকে সবসময় সরব দেখা যায়। উল্লেখ্য, নিউইয়র্ক অঞ্চলে আরো অনেকে প্রবাসীর উদ্যোগে প্রতি বছরই মসজিদে ইফতার পরিবেশনের রেওয়াজ থাকলেও ৩০দিনে ৩০ মসজিদে একই ব্যক্তি কর্তৃক ইফতার পরিবেশনের দ্বিতীয় ঘটনার সংবাদ এখনো পাওয়া যায়নি। আর এটর্নী মঈন চৌধুরীর এ কার্যক্রম কখনোই গণমাধ্যমে তিনি না দিলেও মুসল্লীগণের মাধ্যমেই তা কম্যুনিটিতেও ব্যাপক সাড়া জাগিয়েছে।

উডসাইডে আবু হুরাইরা মসজিদে মঈন চৌধুরীর ইফতার বিতরণ। ছবি-এনওয়াইভয়েস২৪।

এ প্রসঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের পরিচালক এটর্নী মঈন চৌধুরি এ সংবাদদাতাকে বলেন, রোজাদারকে ইফতার পরিবেশনের কাজটিকে আমি এবাদত বলে মনে করি। আমার বাবাও এসব করতেন। তা দেখে অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে, কখনো যদি আর্থিক স্বচ্ছ্বলতা আসে তাহলে আমিও তা করবো। সৃষ্টিকর্তা সেই তৌফিক দিয়েছেন। এটর্নী মঈন চৌধুরী উল্লেখ করেন, লাখাই উপজেলার কাটিহারা গ্রামে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মসজিদ বাবার নামে নির্মাণ করেছি। সেখানে আমার ছোটভাই নিউইয়র্কের সিপিএ এবং সমাজকর্মী ওয়াসি চৌধুরীরও অবদান রয়েছে। সেই মসজিদেও প্রতিদিনই মুসল্লীগণের মধ্যে ইফতার বিতরণের ব্যবস্থা রয়েছে। এছাড়া, ২০১৪ সাল থেকে লাখাই উপজেলার সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে হাদিয়া প্রদানের ব্যবস্থাও রয়েছে।

হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিহারা গ্রামে এটর্নী মঈন চৌধুরি নির্মিত আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী মসজিদ। ছবি-এনওয়াইভয়েস২৪।

মঈন চৌধুরী বলেন, নিউইয়র্কের কর্মসূচি শুরু হয়েছে আবু হুরায়রা মসজিদ থেকে। মৃত স্বজনের আত্মার মাগফেরাত কামনায় প্রতিটি ইফতারিতে দোয়া-মোনাজাত হচ্ছে। আল্লাহ তা’লার রহমত অব্যাহত থাকলে বাকি জীবনটাও একইভাবে কাটাতে চাই। দুর্ঘটনায় আহতদের যথাযথ ক্ষতিপূরণ আদায়ে সিদ্ধহস্ত এটর্নী মঈন চৌধুরী বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন নিউইয়র্ক অঞ্চলের গণমাধ্যম কর্মী এবং সমাজহিতৈষীদের প্রতি। তারাই তাকে আজকের এ অবস্থানে উন্নীত হতে আন্তরিকভাবে সহায়তা দিয়েছেন বলে মনে করেন মঈন চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us