অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ
সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের বিভেদ নেই বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৬ মে) ঢাকা সেনানিবাসে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা বলেন, “রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও সেনাবাহিনী একসঙ্গে, সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছে।”
তিনি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’
সংবাদ সম্মেলনে করিডর ইস্যুতে সেনাবাহিনীর মত জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। দেশ আমাদের সবার, এ দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। করিডর ও আরসার মুভমেন্ট সম্পূর্ণ আলাদা দুটি বিষয়।’
তিনি জোর দিয়ে বলেন, ‘সরকার ও সেনাবাহিনী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করবে।’
প্রেস ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে-এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। এ নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো আলোচনা পর্যন্ত হয়নি। সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছাও নেই।’
চট্টগ্রামের একটি কারখানা থেকে সন্ত্রাসী সংগঠন কেএনএফ-এর পোশাক উদ্ধার সংক্রান্ত প্রশ্নে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উল-দৌলা বলেন, ‘এটি একটি বস্তুনিষ্ঠ তথ্য। সংগঠনটি পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে। আমাদের কয়েকজন সেনাসদস্য কেএনএফ-এর হামলায় নিহত ও আহত হয়েছেন।’
তিনি আরো বলেন, ‘৩০ হাজার ইউনিফর্ম পাওয়ার তথ্য আমরা গুরুত্বসহকারে নিচ্ছি। বম কমিউনিটির জনসংখ্যা যেখানে মাত্র ১২ হাজার, সেখানে ৩০ হাজার পোশাকের উৎপাদন প্রশ্নবিদ্ধ। কারা এই পোশাকের পেছনে ছিল, তা খুঁজে বের করা হবে।’
সেনাবাহিনী জানায়, জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টা পরবর্তী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে এখন পর্যন্ত ৪,৫৯৬ জনকে বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের মধ্যে ৩৬ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী ২ সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালাবে বলে জানানো হয়েছে। এই অভিযানের আওতায়:
* গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে টহল
* চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ
* টিকিট কালোবাজারি রোধে অভিযান
* যাত্রীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে
ব্রিফিংয়ে বলা হয়, ঈদুল ফিতরের মতো এবারও মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করবে সেনাবাহিনী। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর