যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলে

সেলফোন নিষিদ্ধের সুফল দেখছেন অভিভাবক-শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৮ পূর্বাহ্ণ

সেলফোন নিষিদ্ধের সুফল দেখছেন অভিভাবক-শিক্ষকেরা

যুক্তরাষ্ট্রের পাবলিক স্কুলে সেলফোনের ব্যবহার নিষিদ্ধ করার পর বই-পুস্তকে মনোযোগী হবার ঘটনা দৃশ্যমান হচ্ছে। এমনকি লাইব্রেরীতে বই পড়ার আগ্রহও বেড়েছে। শুধু তাই নয়, ক্যাফেটেরিয়া এবং ক্রীড়াঙ্গনেও নির্বিঘ্নচিত্তে সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা। কয়েক মাস আগে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে। সে স্থলে শিক্ষার্থীদেরকে সেলফোনে দৃষ্টি নিবন্ধিত রাখতে দেখা যায়। ইউটিউব কিংবা ফেসবুক অথবা ইন্সটাগ্রামে মনোযোগী ছিল সকলে। ক্লাস চলাকালেও অনেকে লুকিয়ে টেক্সট, ই-মেল কিংবা ফেসটাইমে খুনশুটি করেছে। এরফলে পড়ালেখায় মারাত্মক বিঘ্ন ঘটার আশংকা তৈরী হয়েছিল। উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় রেখে ৫০ স্টেটের ৩৫টির পাবলিক স্কুলেই (কেজি থেকে দ্বাদশ গ্রেড) সেলফোন নিষিদ্ধের বিধি কার্যকর হবার সুফল আসছে বলে শিক্ষক এবং অভিভাবকেরা মনে করছেন। ‘দ্য পিউ রিসার্চ সেন্টার’ পরিচালিত সর্বশেষ এক জরিপে ৭৪% অভিভাবকই স্কুলে সেলফোনের ব্যবহার একেবারেই নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করেছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৬% বেড়েছে। গতমাসে ‘ইউগভ’ নামক অপর একটি সংস্থার জরিপে প্রাপ্ত বয়স্ক আমেরিকানের ৬৪% স্কুলে সেলফোনের ব্যবহার একেবারেই নিষিদ্ধের পক্ষে মতদিয়েছেন। তাহলে শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্র প্রসারিত হবে, কৃতিত্ব প্রদর্শনে প্রতিযোগিতাও বাড়বে।
নিউজউইক এক পর্যবেক্ষণ প্রতিবেদনে ২২ সেপ্টেম্বর উল্লেখ করেছে যে, সেলফোন নিষিদ্ধ হওয়া স্কুলসমূহের শান্তি ও নিরাপত্তা নিয়ে কর্র্তৃপক্ষের উদ্বেগও অনেকটা কমেছে। কারণ, শ্রেণীকক্ষ থেকে বাইরে বের হয়ে ক্যাফেটেরিয়া কিংবা প্লেগ্রাউন্ডে গিয়ে কাউকে সেলফোন হাতে সময় কাটাতে দেখা যাচ্ছে না। সে স্থলে সকলেই পরম তৃপ্তির সাথে খাবার গ্রহণ করছে কিংবা খেলাধূলায় মনোনিবেশ করছে।
লাইব্রেরিয়ানরাও এখোন অনেক ব্যস্ত। তাদেরকে বই দিতে হচ্ছে স্কুল ছুটির আগেই। লাইব্রেরিয়ানরা বলেছেন, শিক্ষার্থীর মধ্যে পাঠের অভ্যাস ফিরেছে। খুবই ভালো লাগছে। ভেবেছিলাম সবকিছুই প্রযুক্তি গ্রাস করছে। কিন্তু না, আবার আগের মত লাগছে। পরীক্ষার প্রস্তুতিতে সেলফোনের ওপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস পেলে মেধাবি আমেরিকানের সংখ্যাও আশাতীতভাবে বাড়বে বলে অনেক হাই স্কুলের লাইব্রেরিয়ানরা মনে করছেন। গত বছরের একই সময়ের চেয়ে এবার লাইব্রেরী থেকে বই বাসায় নেয়ার ঘটনা ৩৯% বেড়েছে বলেও ৩৫ স্টেটের পাবলিক স্কুল সূত্রে জানা গেছে।

সোস্যাল মিডিয়া কিংবা অন্য কোন ওয়েবসাইট ভ্রমনের ব্যাপারটি সীমিত হওয়ায় হোমওয়ার্কে আগ্রহও বেড়েছে এবং এ ব্যাপারটি দৃশ্যমান হচ্ছে পরদিন ক্লাসে। এভাবেই শ্রেণীকক্ষ তথা স্কুল চলাকালিন সেলফোন নিষিদ্ধের সুফল দেখছেন শিক্ষক এবং অভিভাবকেরা। প্রসঙ্গত: উল্লেখ্য, ফ্লোরিডা হচ্ছে প্রথম স্টেট, যেখানে ২০২৩ সাল থেকে পাবলিক স্কুলে সেলফোন নিষিদ্ধ করা হয়। সেখানকার টেম্পা সিটির হিলসবরো কাউন্টি পাবলিক স্কুলের কম্যুনিকেশন্স ডিপার্টমেন্টের প্রধান তানিয়া আর্জ বলেন, ইতিবাচক সাড়া মিলছে সামগ্রিক পরিস্থিতির ওপর। কারণ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে এলেই পারস্পরিক সহযোগিতা নিচ্ছে এবং কথা বলছে শিক্ষার বিষয় নিয়ে। যে সময়টি তারা সেলফোনের স্ক্রিনে কাটিয়েছে, সেটি এখোন শিক্ষার প্রতি মনোযোগী হবার ক্ষেত্র প্রসার করছে। এ নিয়ে সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপে আরো উদঘাটিত হয়েছে যে, শ্রেণীকক্ষের বাইরে এলেই শিক্ষার্থীরা টিকটক ব্যবহার করতো সবচেয়ে বেশী। লেখাপড়ায় সহযোগিতার জন্যে ৯০% গুগল কিংবা ইউটিউবে নির্ভরশীল হয়ে পড়েছিল। অর্থাৎ লেখাপড়ার প্রতি খেয়াল থাকতো না। এখোন সেই পুরনো অভ্যাসে তারা ফিরছে। পাঠ এবং বই নিয়ে সহপাঠিদের কৌতুহল বাড়ছে।

চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ গত ৪ সেপ্টেম্বর থেকে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলেও সেলফোন নিষিদ্ধের বিধি কার্যকর হয়েছে। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুল সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বৃহৎ এবং ১০ লক্ষাধিক শিক্ষার্থী প্রতিদিন স্কুলে যাচ্ছে। তারা সেলফোন ব্যবহারের সুযোগ না পাওয়ায় এখোন শ্রেণীকক্ষে, লাইব্রেরীতে লেখাপড়ায় মনোনিবেশ করছে। হৈ-হট্টগোল কমেছে। অভিভাবকেরাও গভীর সন্তোষ প্রকাশ করছেন পরিবর্তিত পরিস্থিতিতে। এই ব্যবস্থা নিউইয়র্ক স্টেটের সকল পাবলিক স্কুলেই ক্রমান্বয়ে কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন স্টেট গভর্ণর ক্যাথি হোকুল। প্রসঙ্গত: উল্লেখ্য, নিউইয়র্কের পাবলিক স্কুলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই এমন ফোন এখনো ব্যবহার করা যাচ্ছে। শিক্ষার্থীরা ইন্টারনেটবিহীন ল্যাপটপ, ট্যাবলেট ব্যবহার করতে পারছে। এবং ল্যাপটপ ও ট্যাবলেট সরবরাহ করে স্কুল কর্র্তৃপক্ষ।

 

Facebook Comments Box

Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us