নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:২৭ পূর্বাহ্ণ
সাবেক কর্মকর্তাগণের পারিবারিক মিলনমেলার প্রচারণা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাগণের মিলনমেলার রেজিস্ট্রেশন ফি মাথাপিছু ১৫০ ডলার এবং শিশু সন্তানের জন্যে ১০০ ডলার করে। ২৭ জুলাইয়ের মধ্যে বিস্তারিত তথ্য সহ অংশগ্রহণে আগ্রহীগণকে তালিকাভুক্ত হবার আহবান জানানো হয়েছে। এ মিলনমেলা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট সন্ধ্যা ঠিক ৬টা থেকে কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে। উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে ৪টি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সাবেক কর্মকর্তাগণের। আসছে সোমবার ৩০ জুন আরেকটি সভা অনুষ্ঠিত হবে এবং এরপরই সংবাদ সম্মেলনের মাধ্যমে সাবেক কর্মকর্তাগণের এ আয়োজনের ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা এ সংবাদদাতাকে জানিয়েছেন। আরো উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির কোন কোন কর্মকর্তা অথবা মিলনমেলার নেতৃত্ব পেতে ব্যর্থ কেউ কেউ অপপ্রচারে লিপ্ত হয়েছেন এই মিলনমেলাকে সোসাইটির বর্তমান কমিটির পাল্টা একটি আয়োজন হিসেবে। গত বছরে সোসাইটির নেতৃত্ব প্রদানকারিরা অর্থাৎ সাবেক কর্মকর্তারা ঐক্যবদ্ধ হলে সেটি কীভাবে পাল্টা সংগঠন/মিলনমেলা হয় তা সুধীজনের বোধগম্যে আসছে না। সোসাইটির সামগ্রিক কল্যাণ ও মঙ্গলে আগ্রহী বর্তমান কমিটির জন্যে এটি হতে পারে অন্যতম একটি সহায়ক-সে বিষয়টিকে আমলে নিতে চাচ্ছেন না ‘বরাবরই গলাবাজি’তে অভ্যস্তরা-এমন অভিযোগ উঠেছে সুধীজনের পক্ষ থেকে। স্মরণ করা যেতে পারে, বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হচ্ছে এ বছর। এ উপলক্ষে বর্তমান কার্যকরী কমিটির সুনির্দিষ্ট এবং বিস্তারিত কোন কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। তা সত্বেও সাবেক কর্মকর্তাগণের মিলনমেলার বিরুদ্ধে কেন বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে-তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক কর্মকর্তারা।
সাবেক কর্মকর্তাগণের এই মিলনমেলার জন্যে গঠিত ‘এ্যাক্স অফিসিয়ালস অব বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক’র আহবায়ক ডা. ওয়াদুদ ভ’ইয়া, সদস্য-সচিব বাবুল চৌধুরী এবং প্রধান সমন্বয়কারি মো. জামান তপন ইতিমধ্যেই মিলনমেলার যাবতীয় তথ্য উপস্থাপন করেছেন সংশ্লিষ্টদের অংশগ্রহণের জন্যে। সেখানে বর্তমান কমিটির কর্মকর্তারাও আমন্ত্রণ পাচ্ছেন। অর্থাৎ সাবেক কর্মকর্তারা পারিবারিক মিলনমেলার মধ্যদিয়ে কম্যুনিটির প্রত্যাশার পরিপূরক যে কোন কল্যাণকর কাজে সম্মিলিতভাবে অবদান রাখতে আগ্রহী। বলার অপেক্ষা রাখে না সাবেক কর্মকর্তাগণের অধিকাংশই সময়ের ব্যবধানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ ভ’মিকায় অধিষ্ঠিত হয়েছেন। ব্যক্তিগতভাবে সমাজকর্মেও অবদান রাখছেন। ছোট-মাঝারি-বৃহৎ এসব প্রয়াসের সম্মিলন ঘটাতে পারলে তা সকলের জন্যেই মঙ্গলের হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আমেরিকায় জন্মগ্রহণকারি সন্তানদের মধ্যে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা সম্ভব হলে তা হবে কম্যুনিটির বহুল প্রত্যাশিত একটি ইস্যুর সফল বাস্তবায়ন।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর