১ জানুয়ারি জমকালো অভিষেক উৎসব: মামদানির শপথ গ্রহণের টিমে দুই বাংলাদেশি

জয়নাল আবেদিন।   প্রিন্ট
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৬ পূর্বাহ্ণ

১ জানুয়ারি জমকালো অভিষেক উৎসব: মামদানির শপথ গ্রহণের টিমে দুই বাংলাদেশি

বহুল আলোচিত নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে বিজয়ী জোহরান মামদানি শপথ গ্রহণ করবেন নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি। জমকালো এ অভিষেক উৎসবের জন্যে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি ৪৮ জনের সমন্বয়ে গঠিত ‘ইনঅ্যগুরাল কমিটি’তে ঠাঁই পেয়েছেন দুই বাংলাদেশী আমেরিকানও। এরা হলেন ‘বাংলাদেশী আমেরিকান এডভোকেসি গ্রুপ তথা বাগের প্রেসিডেন্ট জয়নাল আবেদীন এবং কর্তব্যরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত পুলিশ অফিসার (ডিটেকটিভ) দিদারুল ইসলামের ভাই এ টি এম কামরুল হাসান। উল্লেখ্য, এর আগে জোহরান মামদানির দায়িত্ব গ্রহণের জন্যে গঠিত ৪০০ সদস্যের ‘ট্র্যাঞ্জিশন টিম’-এ ঠাঁই পেয়েছেন ৯ বাংলাদেশী আমেরিকান। তারা হলেন : কমিটি অন কমিউনিটি অরগানাইজিংয়ে হিলসাইড এভিনিউতে অবস্থিত হিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুইয়া, কমিটি অন কমিউনিটি সেফটিতে মূলধারায় প্রবাসীদের জোরালো সম্পর্ক নিয়ে কর্মরত ‘রাইজ আপ নিউইয়র্ক’র মো. সামশুল হক, কমিটি অন ইমিগ্র্যান্ট জাস্টিসে সিএএভির ফারিয়া আক্তার, কমিটি অন স্মল বিজনেসে মুনার আরমান চৌধুরী, এবং বাংলাদেশী হিউম্যানিটারিয়েন এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ’ (ভালো)’র শাহারিয়ার রহমান, কমিটি অন ওয়ার্কার জাস্টিসে ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’র মোহাম্মদ করিম চৌধুরী, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের স্কুল অব ল’র এটর্নী সমতলী হক, ড্রাম বীটের কাজী ফৌজিয়া, এবং কমিটি অন ইয়্যুথ অ্যান্ড এডুকেশনে তাজিন আজাদ।

এটিএম কামরুল হাসান।

নিউইয়র্ক সিটির সাড়ে চারশত বছরের ইতিহাসে এই প্রথম একজন মুসলমান এবং দক্ষিণ এশিয়ান আমেরিকান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে অনেকে ক্ষুব্ধ এবং হিংসায় জর্জরিত হলেও নির্বাচিত মেয়র জোহরান মামদানি অবিচল রয়েছেন ভোটারগণের কাছে প্রদত্ত অঙ্গিকারের ব্যাপারে। এবং দায়িত্ব গ্রহণ ও অভিষিক্ত হবার দুটি কমিটিকেও সাজিয়েছেন সেভাবেই। বিভিন্ন সেক্টরে সততা ও নিষ্ঠার সাথে কর্মরতদের মধ্য থেকেই বাছাই করা হয়েছে কমিটির সদস্যগণকে। এ উপলক্ষে বুধবার প্রদত্ত এক বিবৃতিতে মামদানি উল্লেখ করেছেন, নিউইয়র্ক সিটির সবচেয়ে সৃজনশীল এবং অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত অভিষেক কমিটি পেয়ে আমি সম্মানিতবোধ করছি এবং নিউইয়র্কবাসীর প্রত্যাশার পরিপূরক সত্যিকারের একটি কর্মযজ্ঞে লিপ্ত হবার অভিপ্রায় থেকেই এটা করা হয়েছে। এর আগে মামদানির ট্র্যাঞ্জিশন টিমের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন নিউইয়র্কের এটর্নী জেনারেল লেটিশা জেমস এবং সিনেটর বার্ণি স্যান্ডাসের নেতৃত্বে। অভিষেক উৎসব হবে বৃহস্প্রতিবার ১ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিটি হলে। এটি সকলের জন্যেই উম্মুক্ত। তবে স্থান সংকুলানের স্বার্থে যোগদানে আগ্রহীদের আগাম রেজিস্ট্রেশন করতে হবে। এজন্যে কোন ফি লাগবে না। একইসাথে সিটি হল সংলগ্ন ব্রডওয়েতে অনুষ্ঠিত হবে ব্লক পার্টি। চলবে নাচ-গান হৃদয় উজার করে। বেলা ১২টার মধ্যে সকলকে ভেতরে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে। মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ১টায়। উল্লেখ্য, একইসাথে পাবলিকস এডভোকেট জুমানি উইলিয়ামস এবং সিটি কম্পট্রোলার মার্ক লেভিনের শপথ অনুষ্ঠানও হবে। এ দুজনের ট্র্যাঞ্জিশন টিমেও কয়েকজন প্রবাসী রয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us