অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৬ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫১ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে নতুন এক রেকর্ড সৃষ্টি হয়েছে। এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার, যা একক মাসে সর্বোচ্চ রেকর্ড।
এই উচ্চ প্রবৃদ্ধির ফলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগামী সাত দিন একই হারে রেমিট্যান্স এলে মাস শেষে এই পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা প্রবাসী আয়ের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হয়ে দাঁড়াবে।
গত বছরের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার, এবং পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ডলারের কম। ফলে এবারের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি দেখা গেছে।
গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ দশমিক ০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে, ৯ মার্চ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের জন্য ১৭৫ কোটি ডলার পরিশোধ করার পর দেশের রিজার্ভ ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। পরিশোধের আগে রিজার্ভ ছিল ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলার।
এদিকে, দেশের মুদ্রাবাজারে ডলারের দাম ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা সাম্প্রতিক সময়ে এক ভারসাম্যপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর