এজাজ আহম্মেদ
প্রিন্ট
বুধবার, ১০ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
ঢাকা, ১০ জুন: রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতালের জবাবে প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় বেশি থাকায় তা গ্রহণযোগ্য মনে হয়নি।
বুধবার প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে এতে ঘটনার মূল বিষয় সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি বলেন, “প্রয়োজনীয় তথ্যের বাইরে নানা কথাবার্তা রয়েছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে হাসপাতালের বিরুদ্ধে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, “মোটকথা, আদ্-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।”
গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে দেওয়া ওই নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়সীমা অনুযায়ী গত ৭ জুন বিকেল ৫টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা জমা দেয়।
এর আগে গত শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনস্বার্থ ও মানুষের জীবনের নিরাপত্তার প্রশ্নে সরকার কোনো ধরনের ছাড় দেবে না। তদন্তে যে তথ্য উঠে আসবে, তার ভিত্তিতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে এ ঘটনায় একটি ফৌজদারি মামলাও দায়ের হয়েছে।
তদন্ত প্রতিবেদন এবং হাসপাতাল কর্তৃপক্ষের জবাব পর্যালোচনার পর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এখন সবার নজর।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর