টেনেসি স্টেট আওয়ামী লীগের কমিটি গঠন উপলক্ষে রোববার মুজিব আদর্শে উজ্জীবিতদের এক সম্মেলন মেমফিস শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন এখানকার সফল ব্যবসায়ী সম্মেলন কমিটির আহবায়ক সানাউল্লাহ সানি এবং সঞ্চালনায় ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা মাসুদ হাসান তুর্ণ । সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ)’র সাধারণ সম্পাদক ডাঃ মুহাম্মদ আলী মানিক। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ -সভাপতি এম রহমান জহির।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতার পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয় । এ সময় মুঠো ফোনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সংযুক্ত করলে হলভর্তি বঙ্গবন্ধুর সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েন।
সভানেত্রী নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং টেনেসীতে আওয়ামী লীগের শাখা গঠনে এই উদ্যোগ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ অঞ্চলের নেতাদের ধন্যবাদ জানান । পরে নেত্রীর দিক-নির্দেশনামূলক ভাষণ সবাই মন দিয়ে শোনেন।

ডাঃ মুহাম্মদ আলী মানিকের সঞ্চালনায় এবং এম ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে বিপুল করতালির মাধ্যমে টেনেসি স্টেট আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সানাউল্লাহ সানি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ হাসান তূর্ণ । শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব অর্পণ করা হয়। উল্লেখ্য, টেনেসী স্টেটে বিপুলসংখ্যক বাংলাদেশী-পেশাজীবী বাস করলেও এই প্রথম আওয়ামী লীগের শাখা গঠিত হলো বলে এ সংবাদদাতাকে জানান ডা. মোহাম্মদ আলী মাণিক। তিনি বলেন, শীঘ্রই অন্যান্য স্টেটেও সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এসময় প্রদত্ত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও ডা. মোহাম্মদ আলী মাণিক সমস্বরে সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন বাংলাদেশে চলমান অত্যাচার-নির্যাতন-লুটতরাজ-বাড়ি-স্থাপনা গুড়িয়ে দেয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার। এবং নিজ নিজ এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত রাখার জন্যে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার আহবানও জানিয়েছেন নেতৃবৃন্দ।

Leave a Reply