নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২৫ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ
যোহরান মামদানি।
নিউইয়র্ক সিটির ৪ শতাধিক বছরের ইতিহাসে এবারই প্রথম একজন মুসলমান ডেমক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী হবার সুযোগ পেলেন। ২৪ জুন মঙ্গলবার অনুষ্ঠিত দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে যোহরান মামদানি (৩৩) বিপুল ভোটের ব্যবধানে ধরাশায়ী করেছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্ণর এ্যান্ড্রু ক্যুমোকে। উল্লেখ্য, যোহরান মামদানি দু’বছর আগে ডেমক্র্যাটিক পার্টি থেকে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীম্যান হিসেবে জয়ী হয়েও স্টেট পার্লামেন্টে প্রথম মুসলমান সদস্য হবার গৌরব অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে বিজয়ের পথে এগিয়ে গেলেন। উল্লেখ্য, এই সিটির রেজিস্টার্ড ভোটারের ৭০% ডেমক্র্যাট হওয়ায় মূল নির্বাচনেও যোহরানের বিজয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। এর আগে এই সিটি কাউন্সিলে প্রথম মুসলমান কাউন্সিলওম্যান হিসেবে ২০২২ সালে বিজয়ী হয়ে বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান শাহানা হানিফ (৩৪) ইতিহাস গড়েছেন এবং এবারের দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তিনিও বিপুল ভোটের ব্যবধানে সিটির ৩৯তম ডিস্ট্রিক্ট থেকে পুনরায় বিজয়ী হয়েছেন। এরফলে বাংলাদেশী আমেরিকানসহ গোটা মুসলিম কম্যুনিটিতে আনন্দের বন্যা বইছে। জ্যাকসন হাইটস, লং আইল্যান্ড সিটি, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, ব্রঙ্কসের পার্কচেস্টার এবং জ্যমাইকার হিলসাইড এলাকায় বিজয় উৎসবে মেতে উঠেছেন প্রবাসীরা। তারা সকলেই ৪ নভেম্বর মূল নির্বাচন পর্যন্ত বিজয়ের এই ধারাকে আরো জোরদারের সংকল্প ব্যক্ত করেছেন। উল্লেখ্য, ৪ নভেম্বরের নির্বাচনে যোহরানের প্রতিদ্বন্দ্বি হবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র এরিক এডামস। উল্লেখ্য, এরিক এডামস হচ্ছেন ডেমক্র্যাট। কিন্তু ঘুষ-দুর্নীতিসহ নানা অনাচারের মামলায় অভিযুক্ত হওয়ায় তার জনপ্রিয়তায় ভাটা পড়েছিল। আর এসব মামলা থেকে রেহাই পেতে প্রকাশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক হয়েছেন এবং সুফল হিসেবে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা উঠিয়ে নেয়া হয়েছে ট্রাম্পের নির্দেশে। এরফলে ডেমক্র্যাটরা তাকে বর্জনের হুমকি দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। এছাড়াও রয়েছেন রিপাবলিকান পার্টির একজন প্রার্থী। ডেমক্র্যাটরা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে যোহরানের বিজয় কেউই ঠেকিয়ে রাখতে পারবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে রেজিস্টার্ড ভোটারের মধ্যে দুই লাখের বেশী হলেন মুসলমান। এই মুসলমান ভোটারের ৯০% যদি ভোট দেয় তাহলেও যোহরানের বিজয় নিয়ে কোন সংশয় থাকবে না বলে সকলের ধারণা।
শাহানা হানিফ।
২৪ জুন ভোটের দিন নিউইয়র্কের তাপমাত্রা ছিল ১০৩ ডিগ্রি ফারেনহাইট এবং এটি ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এমন তাপদাহ উপেক্ষা করেই অনেক ভোটার কেন্দ্রে গিয়ে যোহরানকে ভোট দিয়েছেন। বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী মেয়র পদে যোহরান মামদানি পেয়েছেন ৪০৮৬১৭ ভোট। তার নিকটতম এ্যান্ড্রু ক্যুমো পেয়েছেন ৩৩৯৪৪১ ভোট এবং তৃতীয় শীর্ষে রয়েছেন ব্র্যাড লেন্ডার ১০৭৩০২ ভোট পেয়ে।
ভোট প্রদানের আগে কেন্দ্রের বাইরে উল্লাসরত কয়েকজন ভোটার। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যোহরানের এ বিজয়ে উল্লাস প্রকাশ করেছেন বাংলাদেশী কম্যুনিটির লিডার গিয়াস আহমেদ, ফাহাদ সোলায়মান, জয়নাল আবেদীন, টিপু সুলতান, ফখরুল ইসলাম দেলোয়ার, মো. কাদের মিয়া, মো. ফজলুল হক, শাহানা মাসুম, আলিম খান আকাশ প্রমুখ। সামনের দিনগুলোতে মুসলিম আমেরিকান এবং অভিবাসী সমাজের সামগ্রিক কল্যাণে নিউইয়র্ক সিটি প্রশাসন জোরদার পরিকল্পনা গ্রহণ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ভোট প্রার্থনার সমাবেশটি পরিনত হয়েছিল বিজয় সমাবেশে। সেখানে উল্লসিত ভোটারদের সাথে তাল মেলাতে যোহরান মামদানিও ঢোল বাজিয়েছেন। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
এদিকে, ডেমক্র্যাট-মেয়র প্রার্থী হিসেবে যোহরান মামদানি বিজয়ের পরই সমবেত সমর্থকদের বিজয়-উল্লাসে প্রদত্ত বক্তব্যে মামদানি বলেছেন, আজ আমরা ইতিহাস রচনা করলাম। নেলসন ম্যান্ডেলার ভাষায় ‘একটি কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত মনে হয় অসম্ভব। বন্ধুরা আমরা সেই অসম্ভবকে সম্ভব করলাম। আমিই হবো নিউইয়র্ক সিটিতে আপনাদের ডেমক্র্যাটিক পার্টির মেয়র প্রার্থী।
জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ভোট প্রার্থনার সমাবেশে প্রবাসীরাও ছিলেন সরব। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
মামদানি উল্লেখ করেন, আপনি আমাকে ভোট দিয়েছেন কিনা সেটি বড় কথা নয়, বিবেচ্য নয়, আমি হবো এই সিটির প্রতিটি নাগরিকের মেয়র। কারণ, যারাই ভোট যুদ্ধে অংশ নিয়েছেন তারা সকলেই এই সিটির ভঙ্গুর রাজনৈতিক অবস্থাকে ঢেলে সাজানোর পথ সুগম করেছেন। এজন্যে আমিও সকলের অধিকার ও মর্যাদার প্রশ্নে সততা-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। আমি এখান থেকে আবারো দিপ্ত প্রত্যয়ে উচ্চারণ করছি যে, আপনাদের প্রতিটি সমস্যাকে নিজের ভেবে তা সমাধানে দ্বিধা করবো না।-এনওয়াইভয়েস২৪ ডটকম।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর