সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মনিরুজ্জামানের সৌজন্যে নিউইয়র্কে একটি আনন্দসন্ধ্যা

হুমায়ূন কবীর ঢালী   প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:৪৩ পূর্বাহ্ণ

সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মনিরুজ্জামানের সৌজন্যে  নিউইয়র্কে একটি আনন্দসন্ধ্যা

আলাপচারিতায় মনিরুজ্জামান। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

হুমায়ূন কবীর ঢালী

গত দুদিন ধরেই প্রকৃতি সেজেছিল এক বিষণ্ণ অথচ স্নিগ্ধ রূপ নিয়ে। আকাশজুড়ে ছিল মেঘের আনাগোনা, ঝিরিঝিরি বৃষ্টি আর হিমেল হাওয়া। প্রবাসের যান্ত্রিক জীবনের মাঝে এমন ভেজা আবহাওয়া যেন এক অদ্ভুত নস্টালজিয়া তৈরি করে। ঠিক এই সময়েই নিউইয়র্কে এসে পৌঁছালেন কানাডা থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র ‘প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান এবং সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল।
দুলাল ভাই আমার দীর্ঘদিনের বড় ভাই এবং প্রাণের বন্ধু। দুলাল ভাইয়ের সাথে আমার পরিচয়ের পরিধি তিন দশকেরও বেশি সময়ের। তবে ‘প্রবাসী’র প্রধান সম্পাদক, সফল ব্যবসায়ী ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী মনিরুজ জামান ভাইয়ের সাথে ব্যক্তিগত পরিচয়ের সূত্রপাত ঘটে সম্প্রতি—নভেম্বরের ১১ তারিখে, এক বুধবারের সন্ধ্যায়। দুলাল ভাই অবশ্য দুদিন আগেই জানিয়েছিলেন তাঁদের এই নিউইয়র্ক সফরের কথা। জামান ভাই মূলত তাঁর ব্যবসায়িক কাজে এসেছেন এবং তাঁর এই দীর্ঘ যাত্রার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন কবি ও সম্পাদক দুলাল ভাই।

আলাপচারিতায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

সেদিন সন্ধ্যার স্নিগ্ধ আমেজে আমরা চারজন মিলে চুটিয়ে আড্ডা দিলাম জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে’। অনেকেই হয়তো মনে মনে ভাববেন, চারজন মানুষ একসঙ্গে বসে আড্ডা জমানোর হিসাবটা কীভাবে মিলল! আসলে, জামান ভাই নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসকারী তাঁর পুরোনো বন্ধু লেনিনকেও সাথে করে নিয়ে এসেছিলেন। সেদিন সেই অন্তরঙ্গ আড্ডার মাঝেই তাঁরা একটি সুন্দর প্রস্তাব রাখলেন। তাঁরা জানালেন, নিউইয়র্কে যাঁরা নিয়মিত লেখালেখি ও সাংবাদিকতা চর্চার সাথে যুক্ত আছেন, এমন ১০-১২ জন প্রথিতযশা লেখক ও সাংবাদিককে নিয়ে একটি ঘরোয়া প্রীতি সভার আয়োজন করতে চান। আর এই আয়োজনের পুরো দায়িত্বটা তাঁরা আমার কাঁধেই অর্পণ করলেন।
তাঁদের অনুরোধ ও আগ্রহকে সম্মান জানিয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হলো—১৩ নভেম্বর, শুক্রবার, ঠিক সন্ধ্যা সাড়ে আটটায়। স্থান হিসেবে বেছে নেওয়া হলো  ‘আড্ডা রেস্টুরেন্ট’-কে। মূলত তাঁদের এই নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে প্রবাসী মননের একটি মিলনমেলা ঘটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
নিউইয়র্ক শহরে আমাদের পরিচিত মুখ ও শুভানুধ্যায়ীদের সংখ্যা নেহাত কম নয়। আর যদি সমমনা সাহিত্যিক ও সাংবাদিকদের কথা বলি, সে সংখ্যা তো মোটেও ১০-১২ জনের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তবুও, ব্যস্ততম এই শহরে যাদের সাথে প্রায় প্রতিদিনই দেখা হয়, যাদের সাথে আড্ডার টেবিলে আবর্তিত হয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে নানা ভাবনা—এমন জনাকয়েক স্বজন ও বন্ধুকে ফোন ও মেসেজের মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে দিলাম।
আমন্ত্রণ রক্ষা করতে তাঁরাও এলেন নির্দিষ্ট সময়ে। একে একে আড্ডার টেবিলে হাজির হলেন কৃতি ব্যক্তিরা।

স্মৃতি তর্পণে একান্তই আপণজনেরা। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

এ ছাড়াও, আমাদের মূল আনুষ্ঠানিক আড্ডা শুরু হওয়ার পূর্বেই পূর্বনির্ধারিত ব্যস্ততা ও অন্যান্য তাড়ার কারণে জামান ভাই ও দুলাল ভাইয়ের সাথে সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ সেরে বিদায় নেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি,  এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সিনিয়র সাংবাদিক অজিৎ ভৌমিক, সাপ্তাহিক ‘সন্ধান’ সম্পাদক সঞ্জিবন সরকার এবং ‘এটিএন বাংলা ইউএসএ’-র বার্তা সম্পাদক কানু দত্ত ও জাগো প্রহরীর সহকারি সম্পাদক আবুল কাশেম।
নির্ধারিত সময়ে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আড্ডার পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। সভার শুরুতে আড্ডার মধ্যমণি মনিরুজ জামান উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুশল বিনিময়ের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হন। এর পরেই শুরু হয় বাঙালির আবহমানকালের চিরাচরিত প্রাণখোলা আড্ডা ও মননশীল আলোচনা।
আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে প্রবাস জীবন এবং মাতৃভূমির বর্তমান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চালচিত্র। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিটি মানুষের চোখে-মুখে ফুটে ওঠে গভীর উদ্বেগ। রাজনৈতিক অস্থিরতা, মবসন্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, লাগামহীন দুর্নীতি এবং আইনের অপব্যবহার নিয়ে উপস্থিত প্রত্যেকেই যার যার অবস্থান থেকে জোরালো বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ, ‘প্রবাসী’র প্রধান সম্পাদক ও প্রকাশক মনিরুজ জামান অত্যন্ত আবেগঘন ও গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলেন,“আমরা পৃথিবীর যে প্রান্তেই বসবাস করি না কেন, নিজ জন্মভূমির প্রতি আমাদের যেমন রয়েছে অপার ভালোবাসা, তেমনই রয়েছে এক গভীর দায়বদ্ধতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য নেতৃত্বে পরাধীনতার রক্তক্ষয়ী শৃঙ্খল ভেঙে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। অথচ আজ বড় দুঃখের সাথে আমাদের দেখতে হচ্ছে—চব্বিশের ৫ আগস্টের পর এই স্বাধীন দেশের মাটিতে জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের প্রতিটি পবিত্র স্মৃতিচিহ্ন সুপরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে, বীর মুক্তিযোদ্ধাদের অপমান ও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আজ চাঁদাবাজি ও নানামুখী হয়রানির শিকার হয়ে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তারা যেন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ পরিস্থিতিতে পড়েছেন। অতীতে দেশের প্রায় প্রতিটি সরকারই কমবেশি উন্নয়ন করেছে, কিন্তু বিগত পনেরো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তা সত্যিই বিস্ময়কর এবং তা সারা বিশ্বের দরবারে আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। অথচ ৫ আগস্টের পর সেই উন্নয়নের বহু অর্জনই রাজনৈতিক হিংসার বলি হয়ে ধ্বংস করা হয়েছে, যা আমাদের মতো দেশপ্রেমিক মানুষের হৃদয়ে গভীর রক্তক্ষরণ ঘটায়।”
জামান ভাইয়ের পর জাগো প্রহরীর সম্পাদক সাংবাদিকতা ও পত্রিকা প্রকাশের প্রতি তাঁর ভালোবাসা ও ইচ্ছার কথা উল্লেখ করে বলেন, “আমি দেশে থাকতেই এই পত্রিকা প্রকাশ শুরু করি। আমেরিকা আসার পর কিছুদিন বন্ধ ছিল। কিন্তু যখন দেখলাম আমাদের কথা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের কথা, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা কোনো পত্রিকা বলছে না, তখন আবারো জাগো প্রহরী প্রকাশের জন্য প্রস্তুত হলাম এবং প্রকাশ শুরু করলাম।”
কথামালার ক্যানভাসে যোগ দেন সম্পাদক ও কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর দীর্ঘ সাধনার লেখালেখির কথা এবং তার ফলে স্বাধীনতা বিরোধীদের দ্বারা বারবার হেনস্তা ও নিগৃহীত হওয়ার স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন,“বঙ্গবন্ধুকে নিয়ে আমি যখন লেখালেখি শুরু করি, সে সময়টা খুব সহজ ছিল না। তখন অনেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কলম ধরার ন্যূনতম সাহস পেত না। কিন্তু আমি প্রতিকূলতাকে উপেক্ষা করেই লিখে গেছি। আমার লেখনীর মাধ্যমে বারবার এই দেশের স্বাধীনতা বিরোধীদের আসল মুখোশ উন্মোচন করার চেষ্টা করেছি। কানাডায় পালিয়ে থাকা কুখ্যাত খুনি নুর চৌধুরীর বাসার গেটেও আমি জুতা ঝুলিয়ে প্রতিবাদ জানাতে পিছপা হইনি।”
এরপর একে একে আলোচনায় অংশ নেন বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ। তিনি তাঁর স্কুলজীবন থেকে শুরু করে ছাত্র রাজনীতির সোনালী দিনগুলোর স্মৃতিচারণা করেন। জানান, কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ছাত্র রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার পবিত্র ব্রতকে তিনি লালন করে গেছেন। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ তাঁর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের দিনগুলো, সাংবাদিকতার বর্ণাঢ্য পথচলা এবং পরবর্তীতে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন।
এভাবেই একে একে টেবিলে উপস্থিত প্রত্যেকেই মুক্ত আলোচনায় অংশ নেন। সবার বক্তব্যের মূল সুর এবং আশাবাদের বাণী একটাই—মাতৃভূমিকে ভালোবেসে নিজেদের সম্মিলিত প্রচেষ্টায় আবার এটিকে সমৃদ্ধ করে তুলতে হবে। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং দেশবিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করে উন্নয়ন ও অগ্রগতির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
রাত সোয়া দশটা পর্যন্ত চলা এই মননশীল আড্ডা ও প্রীতি সংলাপের আনুষ্ঠানিক ইতি ঘটে সবার অংশগ্রহণে আয়োজিত এক সুস্বাদু প্রীতিভোজের মধ্য দিয়ে।

Facebook Comments Box

Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us