এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৮:২৯ অপরাহ্ণ
শাহনেওয়াজ এবং ওসমান চৌধুরী।
(এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)
বাংলাদেশ সোসাইটির নির্বাচনী জটলা হ্রাসের অভিপ্রায়ে দায়েরকৃত মামলার বাদি ওসমান চৌধুরীর সাথে সমঝোতা-বৈঠক হবার কথা সোসাইটির বোর্ড অব ট্রাস্টির্ চেয়ারম্যান শাহ নেওয়াজের। কিন্তু তারিখ ও সময় নির্ধারিত হওয়ার পরও গত সপ্তাহে সে বৈঠক হয়নি। পরবর্তী বৈঠকের ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। ফলে ১৭ ডিসেম্বর মাননীয় আদালতে উভয় পক্ষের বক্তব্য-ডক্যুমেন্ট সাবমিট করতে হবে। এরপর মাননীয় আদালত তারিখ জানাবেন চূড়ান্ত সিদ্ধান্তের। আর সে সময় পর্যন্ত ঝুলে থাকবে নির্বাচনের সকল কর্মকান্ড। উল্লেখ্য, ৩৫ হাজারের অধিক ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন হবার কথা ছিল ২৫ অক্টোবর। তার একদিন আগে অর্থাৎ ২৩ অক্টোবর নির্বাচনের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন মাননীয় আদালত। ভোটার তালিকায় অনিয়ম, ওসমান চৌধুরীকে ভোটার তালিকা থেকে বাদ দেয়াসহ আরো কিছু গুরুতর অভিযোগে এ স্থগিতাদেশ এসেছে। উল্লেখ্য, সরাসরি দুটি প্যানেল ছিল মাঠে। তারাও হতাশ হয়েছেন। নতুন তারিখ পেলে আবারো তাদেরকে মোটা অর্থ ব্যয় করতে হবে ভোটারগণকে চাঙ্গা করতে।
এদিকে, মামলার বাদি সবসময় প্রস্তুত রয়েছেন মামলা থেকে সরে পড়তে। তাকে ভোটাধিকার দিতে হবে। নির্বাচনে প্রার্থীতাও দিতে হবে। এ মামলায় যত খরচ হয়েছে তা পরিশোধ করলেই সবকিছুর পরিসমাপ্তি ঘটবে বলে জানান ওসমান চৌধুরী। শুধু তাই নয়, কার্যকরী কমিটির মেয়াদ তিন বছরে বৃদ্ধির ব্যাপারটিও মানতে চাচ্ছেন না ওসমান চৌধুরী। বিগত বছরসমূহের আয়-ব্যয়ের সঠিক হদিস উদঘাটনের আবেদনও রয়েছে মাননীয় আদালতে।
বাংলাদেশ সোসাইটির সদস্য পদ নবায়ন কিংবা নতুন সদস্য তালিকাভুক্তির ক্ষেত্রে গুরুতর অনিয়ম সকলেই জানেন। আদালতে সাবমিটকৃত তথ্য অনুযায়ী ৬৪৬-৬৩৩-৭১৬৮ টেলিফোন নম্বরটি ব্যবহার করেছেন ২৭৫ জন ভোটার। ২৩১ জন ব্যবহার করেছেন ৬৪৬-৬৪৪-৩৫১৭ টেলিফোন নম্বর। ২৩০ জনে ব্যবহার করেছেন ৩৪৭-৬৩৬-৫১৫৩। ২২৩ জনে ৭১৮-৪৩৭-৮০০০, ২০৭ জনে ৯১৭-৪৪২-৯০০২, ১৪৩ জনে ২১২-৯৮২-০৩৪৬, ১২৭ জনে ৯১৭-৪৯৪-৫১৬৩, ১০১ জনে ৩৪৭-৮৮৮-৮২১০, ৯২ জনে ৩৪৭-২৬১-৩৬০৩ , ৭৯ জনে ৯১৭-৪০০-১১৭৬ নম্বর ব্যবহার করেছেন।
একইভাবে ৭৮ জন ব্যবহার করেছেন ব্রঙ্কসের ২২২৬ চেটারটন এভিনিউ, ৭৬ জন জ্যামাইকার ৯০-০৯ ১৭১ স্ট্রিট, ওজোনপার্কের ১০১-১৮ ৮০ স্ট্রিট ব্যবহার করেছেন ৬৬ জন, ৬৫ জন ব্যবহার করেছেন ১০৭-২৬ ৮১ স্ট্রিট, ৫৯ জন ব্যবহার করেছেন ৭৮-১৯ ৯৭ এভিনিউ, ৫৪ জন ব্যবহার করেছেন জ্যামাইকার ১৪৫-৪৪ তাজকেগী এয়ারম্যান ওয়ে, ৫২ জন ৮৭-২২ ১৬৬ স্ট্রিট, ৪৪ জন ৮৪-০১এ চ্যাপিন পার্কওয়ে, ৪১ জন ৮৪-৪৩ ৮৫ এভিনিউর ঠিকানা ব্যবহার করেছেন। ভোটার তালিকা বিশ্লেষণের মধ্যদিয়ে অবিশ্বাস্য এসব তথ্য উদঘাটিত হয়েছে বলে জানিয়েছেন ওসমান চৌধুরী।
মহলবিশেষ পকেটের অর্থে ভোটার বানিয়ে সোসাইটির নেতৃত্ব দখলে নিচ্ছেন বেশ ক’বছর আগে থেকেই। যদিও কম্যুনিটির কল্যাণে ন্যূনতম সাফল্য কেউই দেখাতে পারেননি। এমনকি, ইতিপূর্বে ২৭ হাজারের অধিক ভোটারের এই সংগঠনের নেতৃত্ব যারা দিয়েছেন/দিচ্ছেন, তারা ম্যানহাটান দূরের কথা কুইন্সের জ্যাকসন হাইটসেও ‘বাংলাদেশ ডে’ প্যারেডের অনুমতি সংগ্রহে সক্ষম হননি। ভূইফোড় একটি সংগঠনের ব্যানারে তারা ‘সাউথ এশিয়ান প্যারেড’ করে ‘বাঙালিকে হাইকোর্ট’ দেখানোর মত তামশা করেছেন। একইভাবে বাংলাদেশ সেন্টার স্থাপনের নামেও তোলকালাম কান্ড করেছেন, যা পরবর্তীতে হাস্যরস সৃষ্টি করে।
ঝুলে থাকা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নেপথ্যেও সরব রয়েছেন একটি মহল। তারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে কম্যুনিটির অনেক প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে সুধীজনের ধারণা।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ওসমান চৌধুরীকে ‘মামলাবাজ’ তকমা দিয়ে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার ঘৃণ্য একটি অপচেষ্টা পরিলক্ষিত হচ্ছে। আসলে এমন মতামত/মন্তব্য যারা করছেন তারা ফেডারেল ক্রাইমের সমপর্যায়ের অপরাধে লিপ্ত হচ্ছেন বলে অনেকে বলাবলি করছেন। তাহলে তো আইন-আদালতের প্রয়োজন নেই। অনিয়ম-অনাচার প্রতিকারে আদালতে যাওয়ার অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধান দিয়েছে। যে কেউ এটা করতে পারেন। তাই নিজেদের অপকর্ম সংশোধনের পরিবর্তে যারা মামলাবাজ তকমা লাগানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের স্মরণ থাকা দরকার যে, এই ওসমান চৌধুরীর বিশাল একটি অতীত রয়েছে-যা বিশ্বব্যাপী স্বীকৃত। বহুজাতিক এ সমাজে বাংলাদেশীদের সততার অনন্য নজির স্থাপন করেছেন বগুড়ার সন্তান ওসমান চৌধুরী। এছাড়া, তিনি বাংলাদেশ সোসাইটিরও সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। তাই তিনি ভেসে আসেননি অন্যায়-অবিচারের প্রতিকার চাইতে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ওসমান চৌধুরী একা নন, তার সাথে রয়েছেন লাখো প্রবাসী, যারা সৎ নেতৃত্ব প্রত্যাশায় অধীর আগ্রহে রয়েছেন।
Posted ৮:২৯ অপরাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24