অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৯ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৮ পূর্বাহ্ণ
চলমান ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর ১২ এপ্রিল থেকে পুনরায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় স্মার্ট কার্ড বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি বলেন, “এই সময়ে মুদ্রিত স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল, কারণ কারিগরি যন্ত্রপাতিগুলো হালনাগাদ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১১ এপ্রিল হালনাগাদ কার্যক্রম শেষ হলে স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া আরও জোরদার করা সম্ভব হবে।
এছাড়া, ইসি জানায়, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী বাংলাদেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন, তবে এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন ভোটার স্মার্ট কার্ডের বাইরে রয়েছেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে, জুন মাসে নতুন ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে, যেখানে আরও ৫০ লাখের বেশি নতুন ভোটারের অন্তর্ভুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়, তবে দীর্ঘ আট বছরের বেশি সময় পরেও দেশের সব নাগরিকের হাতে এই কার্ড পৌঁছানো সম্ভব হয়নি।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর