বিএনপি নেতা তুহিনের মুক্তি দাবিতে নিউইয়র্কে জাতীয়তাবাদি ফোরামের বিক্ষোভ

এনওয়াইভয়েস২৪   প্রিন্ট
রবিবার, ০৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪২ পূর্বাহ্ণ

বিএনপি নেতা তুহিনের মুক্তি দাবিতে নিউইয়র্কে জাতীয়তাবাদি ফোরামের বিক্ষোভ

নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ থেকে অবিলম্বে বিএনপির সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তি দাবি। ছবি-এনওয়াইভয়েস২৪।

নিউইয়র্কে বিএনপির সহযোগী ‘জাতীয়তাবাদি ফোরাম’র এক প্রতিবাদ সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলা হয় যে, ১/১১ তে গঠিত মঈন-ফখরুদ্দিনের আমলে দায়েরকৃত রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন মামলা থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমিরকে অব্যাহতি দেয়া হলেও নীলফামারি-১ (ডোমার-ডিমলা) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে নেয়া হয়েছে। ৩ মে অপরাহ্নে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ আরো অভিযোগ করেন, মামলা-হামলার আতংকে ১৭ বছর আগে ঢাকা থেকে নিউইয়র্ক এসেছিলেন সাবেক এই এমপি তুহিন। তার অনুপস্থিতিতেই সাজানো মামলায় শাস্তি দিয়েছে মইন-ফখরুদ্দিনের কথিত আদালত। দীর্ঘদিন পর গত সপ্তাহে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফিরেই এমপি তুহিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। কিন্তু তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গিয়াস আহমেদ অভিযোগ করেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন হলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বড়বোনের ছেলে, এটাই কি তার অপরাধ? একইধরনের সাজানো মামলায় শাস্তিপ্রাপ্ত অনেকেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। এমপি তুহিনের অপরাধ কোথায়?

জাতীয়তাবাদি ফোরামের যুক্তরাষ্ট্র শাখার এ সমাবেশে সভাপতিত্ব করেন রাফেল তালুকদার এবং পরিচালনা করেন সরোয়ার খান বাবু। এ সময় আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ সবুর, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন, মনিরুল ইসলাম মনির প্রমুখ। বক্তারা অবিলম্বে এমপি তুহিনের বিনাশর্তে মুক্তির দাবি জানিয়েছেন। বক্তারা অভিযোগ করেন যে, ৫ আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগ করলেও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো তার দোসরেরা ঘাপটি মেরে রয়েছে বলেই বিএনপির এই নেতাকে কারাগারে নেয়া হয়েছে। অবিলম্বে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া না হলে প্রবাস থেকেই দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছেন বক্তারা। এদিকে, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নেতা এবং বিশিষ্ট শিল্পপতি হাসানুজ্জামান হাসান পৃথক এক বিবৃতিতে বিএনপি নেতা তুহিনকে অবিলম্বে সমস্ত মামলা থেকে অব্যাহতি প্রদানের আহবান জানিয়েছেন। ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনে স্বৈরাচারমুক্ত সমাজে আর কোন অন্যায় প্রবাসীরা সহ্য করবে না বলেও উল্লেখ করেছেন হাসানুজ্জামান হাসান।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us