নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১২:১৯ পূর্বাহ্ণ
পুরুস্কার হাতে হাসানআল আব্দুল্লাহ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
কবি হাসানআল আব্দুল্লাহ পেলেন ‘আলফ্রেড কোভালকোভিস্কি পুরস্কার’। গত বুধবার ৫ নভেম্বর পোল্যান্ডের বিডগোস শহরের লিটারারি হাউজে কবির সৌজন্যে বিশেষ কবিতাপাঠ অনুষ্ঠানে বিডগোস রাইটার্স ইউনিয়নের সভাপতি কবি ডারিউস টোমাস লাবিয়ডা হাসানআল আব্দুল্লাহর হাতে এই পুরস্কার তুলে দেন। তিনি বলেন, “হাসানআল কবিতা লেখার পাশাপাশি বিশ্ব কবিতা থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে প্রচুর অনুবাদ করেছেন। এই পুরস্কার তার সেই অনুবাদের স্বীকৃতি।” হাসানআল আব্দুল্লাহ পুরস্কার হাতে নিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “পঞ্চমবারের মতো আমি পোল্যান্ড এসেছি। প্রতিবছরই এখানে আমি নানাভাবে সম্মানিত হই। পোলিশ কাব্যামোদিদের ভালবাসা অর্জন করতে পেরে আমি অভিভূত।” উল্লেখ্য, কবি কোভালকোভিস্কি ছিলেন বিডগোস রাইটার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, তাঁর মৃত্যুর পর এই পুরস্কার চালু করা হয়। আরো উল্লেখ্য, ৯ অক্টোবর চেহানোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে আমন্ত্রিত হয়ে কবি পোল্যান্ডে যান। এরপর তিনি যোগ দেন চেক রিপাবলিকে অনুষ্ঠিত ব্রমোভ আন্তর্জাতিক কবিতা উৎসবে, সেখানে দশ কবিকে নিয়ে চেকভাষায় একটি এন্থোলজিতে তাঁর কবিতা স্থান পায়। ওদিকে কবি ক্যাতারজিনা জর্জিও পোলিশ ভাষায় হাসানআল আব্দুল্লাহর দ্বিতীয় বই “দ্যা স্ক্যাটার ডিসপ্লে অব লিম্বস’ অনুবাদ করেছেন। মাসব্যাপি পোল্যান্ডের বিভিন্ন শহরে অন্তত আটটি প্রোমোশনাল কবিতাপাঠের আয়োজন করা হয়, এর মধ্যে রাভা ভিসনা পাবলিক লাইব্রেরি, মিলিস পাবলিক লাইব্রেরি, ডোলনি বারেজ মেলিনি রেস্টুরেন্ট, ভ্রসলোভ মিউজিক এন্ড লিটারেচার ক্লাব অন্যতম। উপর্যুপরি, আগামী সপ্তাতে তিনি ২২তম পোলানিৎসা আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দেবেন। মাসব্যাপী পোল্যান্ড অবস্থানকালে তিনি দু’টি টিভি সাক্ষাৎকারেও অংশ নিয়েছেন। এ পর্যন্ত ১৭ ভাষায় তার কবিতা অনূদিত হয়েছে। হোমার কবিতা পুরস্কারসহ তিনি অর্জন করেছেন চারটি আন্তর্জাতিক কবিতা পুরস্কার। বিশের অধিক আন্তর্জাতিক অ্যান্থোলজিতে স্থান পেয়েছে তার কবিতা। সাহিত্যের নানা শাখা ও ইংরেজি, চাইনিজ, পোলিশ, স্প্যানিশে অনুবাদগ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬১। তিনি ‘শব্দগুচ্ছ’ আন্তর্জাতিক কবিতা পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক সিটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর