এজাজ আহম্মেদ
প্রিন্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ সর্বশেষ আপডেট : ১১:০৩ পূর্বাহ্ণ
নাহিদ ইসলাম
ঢাকা, ১১ জুন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে এটি উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার যে বাজেট প্রস্তাব করেছে, তার ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই রয়েছে। অর্থমন্ত্রীর বক্তব্যে দেশের সামগ্রিক আর্থিক পরিকল্পনার একটি চিত্র উঠে এসেছে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অতিরিক্ত অর্থ বরাদ্দকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকার দীর্ঘদিন ধরে কার্ডভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা করছে। এ খাতে বরাদ্দ বৃদ্ধির ফলে সাধারণ মানুষ উপকৃত হতে পারে বলে আশা করা যায়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, এসব সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাজারে দ্রব্যমূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বাস্তবায়নের সক্ষমতা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে।
তবে বাজেটের সামগ্রিক কাঠামো নিয়ে সংশয় প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, প্রস্তাবিত বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে, আর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক সক্ষমতা এবং বিদ্যমান কর কাঠামোর আলোকে এই লক্ষ্য অর্জন করা সরকারের পক্ষে অত্যন্ত কঠিন হবে বলে তিনি মনে করেন।
নাহিদ ইসলামের ভাষ্য, রাজস্ব আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও নানা চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি বাজেটের বিভিন্ন দিক পর্যালোচনা করছে এবং বিস্তারিত মূল্যায়নের পর দলীয় অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।
Posted ১১:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর