নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৩ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৪:৫৭ পূর্বাহ্ণ
প্রার্থনা হিমি রায়। ছবি-সংগ্রহ।
নিউইয়র্ক সিটির সন্নিকটে লং আইল্যান্ডে সাফোক কাউন্টির নর্থ বেবিলন সিটির বেলমন্ট লেক স্টেট পার্কের পার্কিং লটে গাড়ি চাপায় প্রাণ ঝরেছে দুই বছর দুই মাস বয়েসী প্রার্থনা হিমি রায়। বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের সন্তান ঋষিকেশ রায় ও কল্পনা রায় দম্পতির সন্তান প্রার্থনা হিমি রায় এহেন দুর্ঘটনার শিকার হয় মা-বাবার আর্তচিৎকারের মধ্যেই। নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, ১০ অগাস্ট বেলা ২.৪৩ মিনিটে ২০১৬ সালে তৈরী প্রাইভেট কার আকুরার চাকায় পৃষ্ট হয়ে মারাত্মকভাবে আহত হলে হিমি রায়কে নিকটস্থ ওয়েস্ট আইস্লিপে গুড সমরিতান হাসপাতালে জরুরী বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরো জানায়, দুর্ঘটনার পরই ড্রাইভার পুলিশকে ফোন করেন এবং হিমি রায়ের মা-বাবাকে সহযোগিতা করেন দ্রুত হাসপাতালে যাবার জন্যে। পুলিশের মতে এটা নিতান্তই একটি দুর্ঘটনা।
জন্মদিনে বাবার সাথে প্রার্থনা হিমি রায়। ছবি-সংগ্রহ।
জানা গেছে, প্রিয়-পরিচিতজনেরা সপরিবারে ‘ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি’র ব্যানারে ঐ পার্কে বনভোজনের জন্যে গিয়েছিলেন নিউইয়র্ক সিটি থেকে। দুর্ঘটনা কবলিত গাড়িতেও এসেছিলেন ঐ বনভোজনে অংশগ্রহণকারিরা। সকলকে নামিয়ে গাড়িটি পার্ক করার জন্যে পেছনে নেয়ার সময় হিমি রায় চাকায় পৃষ্ট হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। উল্লেখ্য. সে সময় ঋষিকেশ ও তার স্ত্রীও পার্ক করা গাড়ি থেকে নেমে বনভোজন কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। কিন্তু তারা জানতেন না যে, হিমি দৌড়ে ঐ পথে আসছিল। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, আকুরার ড্রাইভার ঘটনার আকস্মিকতায় হতভম্ব হলেও দ্রুত ব্রেক করেন। আর্তচিৎকার করতে করতে দৌড়ে গিয়ে গাড়ির নীচে থেকে ঋষিকেশ তার কন্যাকে উদ্ধারের সময় নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। অ্যাস্বুলেন্স-সহ পুলিশ এলে হিমিকে নেয়া হয় হাসপাতালে। এহেন অবস্থায় পিকনিকে আসা সকলেই কায়মনোচিত্তে সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করেন হিমির আরোগ্যে। কিন্তু কিছুক্ষণ পরই হাসপাতাল থেকে হিমি রায়ের জীবনাবসানের সংবাদ এলে বনভোজনটি পরিণত হয় শোক-সমাবেশে। বন্ধ হয়ে যায় পিকনিকের অবশিষ্ট আয়োজন। সকলে কান্নায় ভেঙ্গে পড়ে। অনেকেই হাসপাতালে ছুটে যান তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে।
উল্লেখ্য, বছরের এই সময়টাতে নিউইয়র্ক অঞ্চলের প্রবাসীরাও বনভোজনে মেতে উঠেন। শতাধিক সংগঠনের পাশাপাশি পারিবারিকভাবেও সবুজে পরিপূর্ণ লং আইল্যান্ডে সমুদ্র-সংলগ্ন গভীর অরণ্যে বনভোজন হয়ে থাকে। কিন্তু স্মরণকালে প্রবাসীদের বনভোজনের পার্কিং লটে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেনি। ১২ অগাস্ট সকালে এ সংবাদ লেখা পর্যন্ত হিমি রায়ের লাশ হাসপাতালের হিমঘরেই ছিল। ময়না তদন্তের পর তা মা-বাবার কাছে হস্তান্তর করা হবে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
ছবির ক্যাপশন-এক্সিডেন্ট-হিমি রায়-১
প্রার্থনা হিমি রায়। ছবি-সংগ্রহ।
ছবির ক্যাপশন-এক্সিডেন্ট-হিমি রায়-২
জন্মদিনে বাবার সাথে প্রার্থনা হিমি রায়। ছবি-সংগ্রহ।
Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর