সন্তান জন্ম দিলেই মা-কে ৫ হাজার ডলারের বোনাস প্রদানের অঙ্গিকার সত্বেও মার্কিন মায়েরা সন্তান নিতে আগ্রহী হচ্ছেন না। ফলে বিশাল এই আমেরিকায় প্রতি বছর যতলোক মারা যাচ্ছে সে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। অভিবাসন ছাড়াই যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় স্থিতি রাখতে অন্তত: প্রতি মা-কে গড়ে ২.১ জন সন্তান জন্ম দেয়া প্রয়োজন। সে স্থলে রয়েছে মাত্র ১.৬ জন সন্তান। ফেডারেল রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধক কেন্দ্র তথা সিডিসির বার্ষিক প্রতিবেদনের আলোকে ব্যাপক গবেষণা-পর্যালোচনার পর এহেন অব্স্থার জন্যে দায়ী করা হচ্ছে পারিবারিক মূল্যবোধ জাগ্রত রেখে আমেরিকানরা সাংস্কৃতিক ঐতিহ্য থেকে সরে পড়ছে এবং সন্তান লালন-পালনে প্রয়োজন মত আয়-রোজগারে সক্ষম হচ্ছে না। সিডিসি এবং সেনসাস ব্যুরোর তথ্য অনুযায়ী দুটি সন্তান লালন-পালনের জন্যে বর্তমানের আয়ের চেয়ে অন্তত: ৩৯% আয় তথা বার্ষিক অতিরিক্ত আয় করতে হবে ২৬৯০০ ডলার করে। অর্থাৎ বার্ষিক অন্তত: ৯৫৩০০ ডলার লাগবে। কিন্তু নানাবিধ কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়লেও সিংহভাগ আমেরিকানের আয়-রোজগার বৃদ্ধি পাওয়া দূরের কথা, ক্রমান্বয়ে কমছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী গত দুই দশকে আমেরিকায় গড়-পরতা জন্মহার কমেছে। তবে সারাদেশে সমহারে ঘটেনি এমন পরিস্থিতি। কোন কোন স্থানে বেড়েছে প্রত্যাশার চেয়েও বেশী। কেন এমন হের-ফের সে আলোচনায় উঠে এসেছে ১০টি কাউন্টি, যেখানে জুইশ এবং হিসপ্যানিক বেশী এবং প্রায় সকলেই সামাজিক ও পারিবারিক মূল্যবোধ সমুন্নত রেখে দিনাতিপাত করছেন। এই কাউন্টি সমূহে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশী। কাউন্টিগুলো হচ্ছে নর্থ ক্যারলিনার অনস্লো, নিউইয়র্কের রকল্যান্ড, টেক্সাসের ইক্টোর, মিডল্যান্ড, ওয়েব এবং হিডালগো, টেনেসীর মন্টগোমারি, এবং ইউটাহ্্র ইউটাহ কাউন্টি।