উইন রোজারিও হত্যাকান্ড

নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৪ পূর্বাহ্ণ

নিউইয়র্ক পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

উইন রোজারিও। ছবি-সংগ্রহ।

মা এবং ভাইয়ের সামনে বাংলাদেশী তরুণ উইন রোজারিও (১৯)কে গুলি করে হত্যার ঘটনায় নিউইয়র্কের দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে অপরাধের হদিস পেয়েছে নিউইয়র্কের এটর্নী জেনারেলের অফিস। এছাড়া নিউইয়র্ক পুলিশের কর্মকান্ডের তদারকি সংস্থা ‘দ্য সিভিলিয়ান কমপ্লেইন রিভিউ বোর্ড’ (সিসিআরবি) ও গুলিবর্ষণকারি পুলিশ অফিসার স্যালভেতর এ্যালোঙ্গি এবং ম্যাথিউ সিয়ানফ্রোকের বিরুদ্ধে অসদাচরণের সত্যতা পেয়েছে। গত বছরের ২৭ মার্চ সিটির ওজোনপার্কে নিজ বাসায় মানসিকভাবে অসুস্থ উইন রোজারিও অস্বাভাবিক আচরণ করলে জরুরী সেবাবিভাগ-৯১১ এ ফোন করলে ঐ দুই পুলিশ অফিসার বাসায় ঢুকলে উইন কাপড় কাটার কাচি হাতে নিয়ে পুলিশকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন। সে সময় গুলি করতে উদ্যত্ত পুলিশকে উইনের মা বিনয়ের সাথে অনুরোধ করা সত্বেও পুলিশ গুলি ছুড়তে দ্বিধা করেননি। সে সময় উইনের ছোটভাই উৎস রোজারিও-ও করজোরে মিনতি করেন গুলি না করার জন্যে। এতদসত্বেও উপর্যুপরি গুলিতে ধরাশায়ী হন উইন। উইন মেঝেতে লুটিয়ে পড়ার পর আরো ৪টি গুলি করা হয় বুকে। পুলিশের বডি ক্যামেরাতে এ তথ্য জানতে পেয়েছে সিসিআরবি। মানসিকভাবে অসুস্থ মানুষের সাথে যে ধরনের আচরণ করা উচিত ছিল ঐ দুই অফিসার তা করেননি বলেও সিসিআরবি উল্লেখ করেছে। গত বুধবার পেশকৃত সিসিআরবির তদন্ত রিপোর্টে আরো বলা হয়েছে যে, ঐ দুই অফিসার ক্ষমতার অপব্যবহার করেছেন, উইনের সাথে নিষ্ঠুর আচরণ করেছেন। অন্তত: ৫টি বুলেট বিদ্ধ হয় উইনের শরীরে। এজন্যে দুই অফিসারকে বরখাস্ত করা হতে পারে। তবে সবটাই নির্ভর করছে পুলিশ কমিশনার জেসিকা টিশের ওপর। তিনিই সর্বোচ্চ কর্মকর্তা এহেন আচরণে লিপ্তদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণের জন্যে।

দায়ী পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত র‌্যালিতে উইন রোজারিওর মা-বাবা-ভাই। ছবি-সংগ্রহ।

সিসিআরবির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উইন রোজারিওর মা নটেন ইভা কোস্টা বলেন, অন্তত: এখন আমরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি যে উইনের বাঁচার অধিকার ছিল, তার জীবনেরও মূল্য ছিল। এবং পুলিশ অফিসার দু’জনই ছিলেন ভয়ংকর অপরাধীর মত। ক্ষোভের সাথে ইভা কোস্টা আরো বলেছেন যে, আমরা অবাক বিস্ময়ে অবলোকন করছি সিটি মেয়র এরিক এডামস এবং পুলিশ কমিশনারের নির্লিপ্ততা। এমনকি স্টেট এটর্নী জেনারেল লেটিশা জেমস এখোন পর্যন্ত ঐ দুই অফিসারের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের উদ্যোগ নেনি। ইভা কোস্টা বলেছেন, ঘাতক দুই অফিসারকে অবিলম্বে বরখাস্ত এবং তাদেরকে আদালতে সোপর্দ না করা পর্যন্ত আমরা লড়ে যাবো। আর কোন মায়ের বুক যাতে খালি না হয় সেটাই আমার চেষ্টা। উল্লেখ্য, মাস তিনেক আগে উইন রোজারিও-ও পরিবারের পক্ষ থেকে ফেডারেল কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেটিতে দায়ী পুলিশ অফিসারদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়েছে। এই মামলায় বাদিপক্ষের এটর্নী লুনা দ্রুবি সিসিআরবির প্রতিবেদনের আলোকে বলেন, পুলিশী আচরণকে ন্যায়নিষ্ঠ করার ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ। মানসিক বিকারগ্রস্তদের জন্যে সহযোগিতার জন্যে সশস্ত্র পুলিশ অফিসারদের পাঠানো উচিত নয়-এমন বিধি তৈরী করতে হবে। এক্ষেত্রে পুলিশ বাহিনীকে বিশেষভাবে প্রশিক্ষিত করতে হবে।

উল্লেখ্য, ৯১১ এ ফোন করার পর নিজ বাসায় মা-ভাইয়ের সামনে উইনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষেপে উঠে গোটা কম্যুনিটি। র‌্যালি ছাড়াও উইনের মা-বাবা-ভাই সিটি মেয়রের অফিসের সামনে সংবাদ সম্মেলন করেছেন। দাবি জানিয়েছেন দায়ী অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির। এরপর তারা গেছেন ফেডারেল কোর্টে।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us