সপ্তম মেয়াদের স্টেট রিপ্রেজেনটেটিভ হবার পথে আবুল বি খান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:১৮ পূর্বাহ্ণ

আবুল বি খান।

নিজস্ব প্রতিনিধি

সপ্তম মেয়াদের জন্যে নিউ হ্যামশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ হতে যাচ্ছেন বাংলাদেশী আমেরিকান আবুল বি খান। ৮ সেপ্টেম্বর রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী বাছাইয়ের (প্রাইমারি) নির্বাচনে তিনি আবারো জয়ী হয়েছেন। বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে এ তথ্য। উল্লেখ্য, এই স্টেটের রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০ তে তালিকাভুক্ত ভোটারের অধিকাংশই রিপাবলিকান হওয়ায় আসছে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও আবুল খানই জয়ী হবেন। তারপর ১ জানুয়ারি থেকে পিরোজপুরের সন্তান আবুল খান সপ্তম মেয়াদের জন্যে শপথ গ্রহণ করবেন। ২০১২ সালে সর্বপ্রথম তিনি এ আসনে বিজয় লাভ করেন। দু’বছর মেয়াদি ‘স্টেট রিপ্রেজেনটেটিভ’ পদে ২০১৪ সালে পুনরায় প্রার্থী হননি। তবে ২০১৬ সাল থেকে প্রতিটি নির্বাচনেই তিনি জয়ী হয়ে আসছেন।

আবাসন ব্যবসায়ী আবুল খান এলাকার সর্বস্তরের মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখায় বারবার বিজয় পাচ্ছেন। আবুল খান এ সংবাদদাতাকে জানান, শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকা হলেও সকল ভোটার আমাকে তাদের একজন হিসেবে মনে করেন। কারণ, আমি সবসময় তাদের পাশে রয়েছি। আবুল খান আরো জানালেন যে, তার নির্বাচনী এলাকায় জনা পাঁচেক বাংলাদেশী ভোটার রয়েছেন। তবে ভারতীয় ভোটারের সংখ্যা একটু বেশী হলেও ফলাফল নির্ধারণে ভূমিকা রাখেন শ্বেতাঙ্গরা। ‘পুনরায় দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে আমাকে বিজয় দেয়ায় আমি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি’-বলেন আবুল খান। প্রসঙ্গত: উল্লেখ্য, বিভিন্ন সিটি এবং স্টেট পার্লামেন্টে কমপক্ষে ৩১ জন বাংলাদেশী আমেরিকান স্টেট সিনেটর, সিটি মেয়র, কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। এরমধ্যে আবুল খান হলেন একমাত্র রিপাবলিকান। অন্য সকলেই ডেমক্র্যাট।

কারিশমা মন্জুর।

নিউ হ্যামশায়ার স্টেট থেকে ইউএস সিনেটে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের নির্বাচনে জয়ী হতে পারেননি বাংলাদেশী আমেরিকান ড. কারিশমা মন্জুর। একইদিন এ নির্বাচনও অনুষ্ঠিত হয়। কারিশমা মন্জুর মোট গৃহিত ভোটের ৩২% পেয়েছেন। এ আসনে দলীয় মনোনয়ন লাভে সক্ষম হলেন ৬৫% ভোট পেয়ে ক্রিস পাপাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরের কন্যা কারিশমা মন্জুর যুক্তরাষ্ট্রে বসতি গড়েন বহুবছর আগে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার মধ্যদিয়ে। চিকিৎসা-বিজ্ঞানী কারিশমা পেশাগত দক্ষতার মধ্যদিয়ে মানবসেবাকে বেছে নিয়েছেন। তিনি ‘সমাজতান্ত্রিক-প্রগতিশীল ভাবধারা’র ডেমক্র্যাট হিসেবে প্রার্থী হয়েছিলেন। মার্কিন সিনেটে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ হয়ে কারিশমা গোটা কম্যুনিটির দৃষ্টি আকর্ষণে সক্ষম হলেও নির্বাচনী তহবিল গঠনে পিছিয়ে ছিলেন। তাঁর এই উত্থানকে পরবর্তী নির্বাচনে থামিয়ে রাখা সম্ভব হবে না যদি সকল বাংলাদেশী আমেরিকান তহবিল সংগ্রহে কার্পন্য না করেন-এমন অভিমত অভিজ্ঞজনদের।

আবুল খানের এ বিজয়ের সংবাদকে স্বাগত জানিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুল হক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নিউইয়র্কে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি মো. জাফরউল্লাহ, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান ও সিইও আলিম খান আকাশ এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুন্নাহার খান নিশা প্রমুখ। তাঁরা পৃথক পৃথকভাবে বলেছেন যে, আমেরিকান স্বপ্ন পূরণের পথে আবুল বি খানের অবস্থান নতুন প্রজন্মকেও উৎসাহিত করছে।

Facebook Comments Box

Posted ৬:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us