হজযাত্রীদের দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ৩০ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:০৬ পূর্বাহ্ণ

হজযাত্রীদের দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি

আর মাত্র ক’দিন পরেই শুরু হচ্ছে পবিত্র হজ। চলতি বছর যারা হজ পালন করতে যাচ্ছেন, তাদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম)।

শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিম্ন ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাতের বেলায় এই তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসে আদ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

দিনের বেলায় এই প্রচণ্ড তাপমাত্রার সঙ্গে যুক্ত হতে পারে বালুঝড়ও। এনসিএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তরাঞ্চল এবং উত্তরপশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে বালুঝড় ঘটার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে বলে তিনি উল্লেখ করেন।

বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে এনসিএম।

ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম) হজযাত্রীদের প্রতি বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, হজের সময় যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সর্বদা সচেতন থাকেন।

ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে সমবেত হন লাখ লাখ মুসল্লি।

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন থেকে।

Facebook Comments Box

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us