অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৩:২৫ অপরাহ্ণ
বিশেষ সংবাদদাতা
চার খন্ডে বিভক্ত ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েন্স ইন নর্থ আমেরিকা)‘র ব্যানারে আগামী বছর ৪১তম সম্মেলন হবে চার সিটিতেই। ঐক্যের স্লোগানে কর্মরত ফোবানা অনৈক্যের অভিশাপ থেকে মুক্তি পাবার কোন লক্ষণ এবারও দেখা যায়নি। উল্লেখ্য, এবারের লেবার ডে উইকেন্ডে (৪-৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং কানাডার টরন্টোতে ফোবানা সম্মেলন হলো। সে সব সম্মেলনের গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর লেবার ডে উইকেন্ডে ফোবানার আসর বসবে ওয়াশিংটন ডিসিতে ‘ইউএস-বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন’, নিউইয়র্ক সিটিতে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’ এবং টেক্সাসের হিউস্টন সিটিতে বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে। টরন্টোতে অনুষ্ঠিত সম্মেলনের পক্ষ থেকে এখনো পরবর্তী সম্মেলনের হোস্ট সিটি ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে সেটি নিউইয়র্ক স্টেটের বাফেলোতে হতে পারে।
এদিকে, ফোবানার নয়া কমিটির নেতৃত্বে চার গ্রুপের দুই চেয়ারম্যান বাস করছেন ফ্লোরিডায় এবং অপর দুই চেয়ারম্যান হলেন নিউইয়র্ক সিটির বাসিন্দা। নিউইয়র্ক সিটিতে বসবাসরত চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী আওয়ামী ঘরানার এবং অপর চেয়ারম্যান গিয়াস আহমেদ হলেন বিএনপির। অর্থাৎ এ দু’জনের মধ্যে ঐক্যের সম্ভাবনা ক্ষীণ হলেও ফ্লোরিডায় বসবসারত আতিকুর রহমান ও এডভোকেট জহীর হলেন আওয়ামী ঘরানার। ফলে সময়ের কারণে তাদের মধ্যে ঐক্যের সম্ভাবনা এখনো উজ্জ্বল বলে সচেতন প্রবাসীরা মনে করছেন। তবে ৪১তম সম্মেলনের হোস্ট সংগঠনকেও এক্ষেত্রে নমনীয় হতে হবে-যার কোন সম্ভাবনা কেউই দেখছেন না। উল্লেখ্য, গত ৪০ বছর ধরেই সম্মেলনের প্রাক্কালে সংশ্লিষ্টরা ঐক্যের কথা উচ্চারণ করলেও কার্যত ফলাফল শুন্য। আর এভাবেই গত কয়েক বছরে ভাঙতে ভাঙতে চার ভাগে বিভক্ত হয়ে পড়েছে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’।
৬ সেপ্টেম্বর রোববার রাতে সমাপ্ত ৪টি সম্মেলনেই বিপুল লোক-সমাগম ঘটেছিল। বাংলাদেশ এবং প্রবাসের সমসাময়িক ইস্যুতে আলোচনাও হয়েছে। তবে প্রাধান্য পেয়েছে নাচ-গান। নিউইয়র্কের ফোবানায় তিনদিনই বাংলাদেশের এতিহাস-ঐতিহ্য নির্ভর সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। এই সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার, সুশাসন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা নিয়েও সংশ্লিষ্ট সেক্টরের অভিজ্ঞজনেরা কথা বলেছেন।
ফ্লোরিডার ওরল্যান্ডোতে অনুষ্ঠিত সম্মেলনেও লোক-সমাগমে ঘাটতি ছিল না। সেমিনারগুলো বরাবরের মত জনশূন্য থাকলেও সাংস্কৃতিক পর্বে অডিটরিয়াম ছিল পূর্ণ বলে জানা গেছে।
একই অবস্থা কানাডার টরন্টোতেও। উদ্বোধন থেকে সমাপনী-সবকটি সন্ধ্যাতেই লোকে-লোকারণ্য ছিল।
ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটিতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে বেশ কটি স্টেটের প্রবাসীরা সপরিবারে অংশ নেন। স্থানীয়দের ঢল নেমেছিল সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে।
সভাপতি আতিকুর রহমান
![]()
সভাপতি জাকারিয়া চৌধুরী
সভাপতি এডভোকেট জহির
সভাপতি গিয়াস আহমেদ।
এদিকে, প্রাপ্ত তথ্য অনুযায়ী নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানার পরবর্তী নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান-জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি-দেওয়ান মনিরুজ্জামান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নূরল আমিন বাবু, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম, যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান, ট্রেজারার-সাজ্জাদুল হাসান।
ফ্লোরিডার ওরল্যান্ডোতে অনুষ্ঠিত ফোবানার পরবর্তী নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন : চেয়ারপার্সন-আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি-রহিম নিহাল, ভাইস চেয়ারম্যান-জিয়াউল হক জিয়া এবং আমিনুল ইসলাম কলিন্স, জয়েন্ট সেক্রেটারি-সাহাবউদ্দিন এবং ইমরান জনি আলম, ট্রেজারার-শাহেদুল ইসলাম অঞ্জন।
লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির হিলটন হোটেলে ফোবানার বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনে এম রহমান জহির চেয়ারপারসন এবং প্রিয়লাল কর্মকার নির্বাহী সচিব হয়েছেন। নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন : ভাইস চেয়ারম্যান আবির আলমগীর, যুগ্ম সচিব অ্যান্থনি গোমেজ পিয়ুস, ট্রেজারার-নাহিদা নাসের ইয়াসমিন।
এছাড়াও আউটস্ট্যান্ডিং সদস্য নির্বাচিত হয়েছেন রবিউল করিম বেলাল, ড. জয়নুল আবেদীন, মোঃ ইকবাল, শামসুদ্দিন সাগর, মুহাম্মদ আলী মানিক, মাহবুবুর রহমান ভুঁইয়া, মকবুল এম আলী, বাবুল হাই ও ড. আব্দুস সাত্তার।
সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান।
সেক্রেটারি রহিম নিহাল।
সেক্রেটারি প্রিয়লাল কর্মকার।
সেক্রেটারি ফিরোজ আহমেদ।
কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ফোবানার নির্বাহী কমিটির পুরনো কমিটিকেই বহাল রাখা হয়েছে বলে জানা গেছে। সভাপতি গিয়াস আহমেদ এবং সেক্রেটারি ফিরোজ আহমেদ। তারা এ ব্যাপারে শীঘ্রই বৈঠকে মিলিত হবেন এবং সামনের বছরের ৪১তম ফোবানার স্থান ও হোস্ট সংগঠনের নামও জানাবেন বলে এই অংশের অন্যতম সংগঠক অনিক রাজ এ সংবাদদাতাকে জানান।
Posted ৩:২৫ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর