তারেক রহমানকে স্বাগত এবং প্রতিরোধ কর্মসূচিতে রণক্ষেত্র

নিউইয়র্কে বিএনপি-আওয়ামী লীগের সংঘাত থামালো দাঙ্গা পুলিশ

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:৫৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কর্মীদের সরিয়ে দিতে নিউইয়র্ক পুলিশের তৎপরতা। ছবি-বাংলা গেজেট।

নিজস্ব প্রতিনিধি/আনিসুর রহমান

অর্ধ শতাধিক দাঙ্গা পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের একটি সংঘাত থেকে রক্ষা পেলেন নিউইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জাতিসংঘে ৮১তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর প্রস্তুতি হিসেবে ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়। একইসময়ে কাছাকাছি দূরত্বে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হয় ‘যেখানে তারেক-সেখানেই প্রতিরোধ’ স্লোগানে মেতে উঠেন।

বিএনপির কর্মীদের সরিয়ে দিতে নিউইয়র্ক পুলিশের তৎপরতা। ছবি-বাংলা গেজেট।

পরস্পর-বিরোধী স্লোগান এক পর্যায়ে ঠেলাঠেলি-ধাক্কা-ধাক্কি থেকে অকথ্য গালিগালাজে পরিণত হয়। আওয়ামী লীগের দিকে তেড়ে যান বিএনপির লোকজন। এরইমধ্যে তারেক রহমানকে শুভেচ্ছা-স্বাগত লেখা কয়েকটি ব্যানার ছিড়ে ফেলেন আওয়ামী লীগের কর্মীরা। এভাবে রনক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিএনপির লাগানো ব্যানার ছিড়ে ফেলে আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। ছবি-বাংলা গেজেট।

উভয়পক্ষের শ’তিনেক নেতা-কর্মীর মধ্যেকার তুমুল ধাক্কা-ধাক্কি আর গালাগালির সংবাদ জেনে টহল পুলিশের বেশ কয়েকটি দল অকুস্থলে হাজির হয় এবং তারা উভয়পক্ষকে সরিয়ে দিয়ে মাঝখানে অবস্থান নেন। তবুও কোন পক্ষই বিরত না হওয়ায় শক্তি প্রয়োগে বাধ্য হন পুলিশ অফিসারেরা। এ সময় ভ’য়া ভ’য়া স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। থমকে দাঁড়ায় যানবাহন। পথচারিরা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেন এবং প্রবাসীদের লংকাকান্ড অবলোকন করেন।

২২ সেপ্টেম্বর সোমবার স্থানীয় সময় বিকেল ৬টায়  তারেক রহমানকে বহনকারি ফ্লাইট জেএফকে এয়ারপোর্টে অবতরণের কথা। ৩ দিনের সফরকালে ‘যেখানে তারেক-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির অংশ হিসেবে জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগের হাজার খানেক নেতা-কর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে দলটি। এবং এই তথ্য জানিয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতিও সংগ্রহ করা হয়েছে বলে আওয়ামী লীগ নেতা ইমদাদ চৌধুরী জানান।

আওয়ামী লীগের প্রতি তেড়ে যাওয়া বিএনপির একজনকে থামায় পুলিশ অফিসার। ছবি-বাংলা গেজেট।

অপরদিকে, বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন জানান যে, জেএফকে এয়ারপোর্টে বিএনপির শতশত নেতা-কর্মী প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন এবং এজন্যে কর্তৃপক্ষের অনুমতিও নেয়া হয়েছে। এরফলে পরস্পর বিরোধী কর্মসূচির জন্যে পুলিশ বেস্টনী তৈরী করবে এবং উভয়পক্ষকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে বাধ্য করা হবে। এয়ারপোর্ট নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তারেক রহমানের আগমণ এবং ২৫ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে ফিরে যাবার সময়ে জেএফকে এয়ারপোর্টে বিশেষ ব্যবস্থা অবলম্বনের তথ্য জানা গেছে। উল্লেখ্য, জাতিসংঘের  সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে আসা সকল দেশের রাষ্ট্র/সরকার প্রধানের নিরাপত্তার ব্যবস্থা অবলম্বনের জন্যে জাতিসংঘের পক্ষ থেকেও প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। গতবছর মুহম্মদ ইউনূসের সফরসঙ্গিগণের কেউ কেউ আওয়ামী লীগের ক্ষোভের মধ্যে পড়ে নাজেহাল হবার পরিপ্রেক্ষিতে এবার অতিরিক্ত নিরাপত্তা অবলম্বন করা হবে বলেও সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

Facebook Comments Box

Posted ৪:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us