নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৬:১৭ পূর্বাহ্ণ
বিজয়-উসবের ফ্লায়ার
অসহনীয় শীতের কারণে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান খোলা মাঠের পরিবর্তে ক্যাপিটল রুটান্ডার ভেতরে অনুষ্ঠিত হবে। সোমবার ২০ জানুয়ারি আড়াই লাখ আমেরিকানের অধিক মানুষের সরব উপস্থিতিতে এই অনুষ্ঠান হবার কথা। কিন্তু সোমবার সকাল থেকেই আবহাওয়া ভয়ংকর রূপ ধারণ করার আগাম তথ্য দিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। এটি জেনে শুক্রবার নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তার ‘ট্রুথ সোস্যাল’-এ প্রদত্ত পোস্টে উল্লেখ করেছেন, ‘আমি আমার জনগণকে কষ্ট পেতে দেখতে চাই না। কেউ হাড় কাঁপানো ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ুক তাও দেখতে চাই না।’ শপথ অনুষ্ঠান দেখতে আসা লাখো অতিথি, সমর্থক এবং অনুষ্ঠানের কর্মী-সংগঠকদের সুরক্ষায় ট্রাম্পের এমন বক্তব্যের পর তা এখোন ক্যাপিটল রুটান্ডার ভেতরে এবং প্যারেড অনুষ্ঠিত হবে ক্যাপিটল-ওয়ান এরিনায়।
আবহাওয়াবিদ ব্র্যান্ডন বাকিংহাম বলেছেন যে, সোমবার ওয়াশিংটন ডিসিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি ফারেনহাইট। তবে বাতাসের আদ্রতায় তা অনুভ’ত হবে ৫ থেকে ১০ ডিগ্রির মধ্যে অর্থাৎ তাপমাত্রা হিমাংকের অনেক নীচে। এমন হিমেল হাওয়ায় কয়েক ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে অথবা বসে থাকা খুবই বিপজ্জনক হতে পারে। প্রসঙ্গত: উল্লেখ্য, ভয়ংকর শীতের কারণে ১৯৮৫ সালেও রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান রুটান্ডার ভেতরে স্থানান্তর করা হয়েছিল।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অতিথির মধ্যে থাকবেন জীবিত সকল সাবেক প্রেসিডেন্ট, টেক বিলিয়োনেয়ার এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। ইউএস সিনেট এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্যরাও থাকবেন। সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা এবং সাবেক স্পীকার ন্যান্সি পেলসী শপথ অনুষ্ঠানে থাকবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন। সাবেক ফার্স্টলেডিরা এর আগেও শপথ অনুষ্ঠান এড়িয়েছেন। তার অন্যতম হলেন মেলানিয়া ট্রাম্প। ২০২১ সালের ২০ জানুয়ারিতে জো বাইডেনের শপথ অনুষ্ঠানে তিনি ছিলেন না। এমনকি তার স্বামী ডনাল্ড ট্রাম্পও লাখো আমেরিকানকে অবাক করে ক্ষমতা হস্তান্তরের পর্বে উপস্থিত না হয়ে সোজা এয়ার ফোর্স ওয়ানে ফ্লোরিডায় নিজ বাড়িতে গিয়েছিলেন। এবার অবশ্য জো বাইডেন তেমন পরিকল্পনার কথা ঘোষণা করেননি। এমনকি নির্বাচনী ফলাফলকে স্বাগত জানিয়ে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের সকল প্রক্রিয়ায় সার্বিক সহায়তা দিচ্ছেন জো বাইডেন এবং ফার্স্টলেডি জিল বাইডেন।
এদিকে, ঐতিহাসিক একটি ঘটনা ঘটবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেঙ আসছেন শপথ অনুষ্ঠানের অতিথি হিসেবে। চীনের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ট্রাম্পের-এমন কথা ট্রাম্প নিজেই বহুবার বলেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সম্পর্ক নিয়ে ট্রাম্প গর্ববোধ করেন-এমন মন্তব্য করতেও দ্বিধা করেননি। উল্লেখ্য, জিনপিং, এল সালভেদরের প্রেসিডেন্ট নাইব বুকেল, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মাইলিসহ বেশ কয়েকজন বিদেশী নেতাকে অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠিয়েছেন ডনাল্ড ট্রাম্প। সিলিকন ভ্যালির সবচেয়ে বড় টেক বিলিয়োনেয়ার টেসলার সিইও এলেন মাস্ক, মেটার সিইও মার্ক জাকারবাগ্য এবং অ্যামাজনের সিইও জেফ বেজোসও শপথ অনুষ্ঠানে আসছেন ট্রাম্পের দাওয়াতে।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বেশ কয়েক ডজন প্রবাসীও থাকবেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরই নিউইয়র্কে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে প্রবাসীরা বিজয় উৎসবের ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ২০ জানুয়ারি অপরাহ্ন ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘন্টা চলবে এ উৎসব। আয়োজকদের পক্ষে শরাফ সরকার এবং টুটুল আহমেদ চৌধুরী জানান, পবিত্র কোরআন, বাইবেল, গীতা এবং ত্রিপিটক থেকে পাঠের মধ্যদিয়ে শুরু এ কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলেই অংশ নেবেন। এতে ট্রাম্পের প্রেসিডেন্সির সর্বাত্মক সাফল্য এবং তার সুস্বাস্থ্য কামনা করা হবে। আয়োজকদের মধ্যে আরো রয়েছেন নির্মল পাল, ভজন সরকার, দীনেশ মজুমদার, রমেশ রায়, অসীম দে শংকর প্রমুখ। উল্লেখ্য, ৮ বছর আগে ট্রাম্প প্রথম মেয়াদে শপথ গ্রহণের দিন সন্ধ্যায় এমন একটি উৎসব হয়েছিল নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সেখানেও মিষ্টি বিতরণ করা হয়। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হওয়ায় দলমত-নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। বিশেষ করে গত চার বছর জো বাইডেনের অপশাসনে ২০ লাখের অধিক বিদেশী ঢুকেছে আমেরিকায়, গাজায় অসহায় মুসলমানদের নির্বিচারে হত্যায় ইসরায়েলকে সরবরাহ করা হয়েছে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে লাগাতার মদদ দিয়ে ট্যাক্স প্রদানকারি আমেরিকানদের নাজুক অবস্থায় নিপতিত করা হয়েছে।
Posted ৬:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর