নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ২:১০ অপরাহ্ণ
আজিজুল হক খোকন
নিজস্ব প্রতিনিধি
দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর স্নেহের পরশে বিদায় নিলেন যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন (৫৮)। ৯ অক্টোবর বাদ জুমআ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় হাজারো মুসল্লীর অংশগ্রহণের অনুষ্ঠিত জানাযাতেও ঢল নেমেছিল শোকার্ত প্রবাসীগণের। উল্লেখ্য, ৩ অক্টোবর কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানার সময়ে বাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন খোকন। এরপর তাঁর কোন খোঁজ না পাওয়ায় পুলিশে রিপোর্ট করা হয়। রাজনৈতিক সহকর্মীসহ প্রিয় পরিচিতজনেরা হন্নে হয়ে খোঁজার মধ্যেই খোকনের লাশের সন্ধান পাওয়া যায় বেলভ্যু মর্গে ৭ অক্টোবর সন্ধ্যায়। মাগুরার সন্তান খোকন ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কিন্তু অভিবাসনের মর্যাদা পাননি বলে পুরো সময় ব্যাচেলর হিসেবেই অতিবাহিত করেন।
শ্রমিক নেতা আজিজুল হক খোকনের জানাযার প্রাক্কালে সকলের দোয়া চান জুয়েল আহমেদ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
শ্রমিক লীগ সেক্রেটারি জুয়েল আহমেদ জানাযার প্রাক্কালে সকলের প্রতি অনুরোধ জানান দেনা-পাওনা থাকলে যেন তার সাথে যোগাযোগ করেন। একইভাবে খোকনের কর্মস্থল জ্যাকসন হাইটসের অবসর বুক কর্নারের অন্যতম মালিক ও আওয়ামী লীগ নেতা হোসেন রানাও সংশ্লিষ্ট সকলকে জানান, খোকন যদি কারো সাথে কোন অন্যায় আচরণ করে থাকে, তাহলে যেন নিজগুণে ক্ষমা করে দেন। এ সময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমও খোকনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জানান যে, খোকনের লাশের ফিউনারেল-সহ বাংলাদেশে পাঠানোর সমস্ত দায়িত্ব বহণ করছে বাংলাদেশ সোসাইটি। জানাযায় সর্বস্তরের প্রবাসীর মধ্যে আরো ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী. যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ, মুখপাত্র ডা. মাসুদুল হাসান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা হাজী এনাম, মিসবাহ আহমেদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মিয়া এবং সেক্রেটারি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান, সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহানারা রহমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান এবং সেক্রেটারি হৃদয় মিয়া, জেবিবিএর সভাপতি হারুন ভূইয়া এবং সেক্রেটারি ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান এবং সেক্রেটারি মোহাম্মদ আলী প্রমুখ। জানাযার পরই কফিনে শায়িত খোকনের লাশবাহি গাড়ি জেএফকে এয়ারপোর্টে রওয়ানা দেয়। রাতে আমিরাতের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার কথা।
শ্রমিক নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
এদিকে, ৮ অক্টোবর রাতে শ্রমিক লীগের আহবানে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নবান্ন পার্টি হলে জড়ো হয়ে হাজার দশেক ডলারের মত সংগ্রহ করেন। এছাড়া, খোকনের পকেটেও বেশ কিছু নগদ অর্থ ছিল। সবগুলো মাগুরায় তার ভাই-বোনের কাছে পাঠানো হবে বলে জানান জুয়েল আহমেদ এবং ডা. মাসুদুল হাসান।
Posted ২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24