অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১০:৪৬ পূর্বাহ্ণ
![]()
এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম
বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ বাংলাদেশে কারাবন্দী সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তি এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে ৭ নভেম্বর নিউইয়র্কে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘প্রবাসী সাংবাদিক ফোরাম’র ব্যানারে ওইদিন বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংবাদিক পিনাকি তালুকদার।
সমাবেশের সামনে প্রদর্শিত ব্যানারে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শাহরিয়ার কবির, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের এমডি সাংবাদিক মোজাম্মেল বাবু এবং সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ-এর ছবি স্থান পায়।
বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর অব্যাহত দমন-পীড়নের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও মানবাধিকার কর্মী ড. দীলিপ নাথ, বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে)-এর সাবেক মহাসচিব শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও ‘দ্য ভয়েস’র নির্বাহী সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাপ্তাহিক জাগো প্রহরীর সম্পাদক ড. মাহাববুর রহমান, প্রবীণ সাংবাদিক শিতাংশু গুহ, সিনিয়র আইনজীবি ও কক্ষপথ-৭১’র সংগঠক এডভোকেট মিয়া জাকির, কম্যুনিটি সংগঠক মুজাহিদ আনসারী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সোলায়মান আলী, সিনিয়র সাংবাদিক অজিৎ ভৌমিক প্রমুখ।
এছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ সাম্মু, সাংবাদিক সুমী খান, শামিমা আকতার দোলা, শহীদুল হক জীবন ও পলাশ নন্দী বক্তব্য রাখেন। আওয়ামী লীগ নেতা কাজী কয়েস, আব্দুল হামিদ ও শেখ আবিদ হোসেন, সাংবাদিক শাহ ফারুক রহমান, এডভোকেট সোনিয়া সুলতানা অন্যান্যদের মধ্যে এই সমাবেশে উপস্থিত ছিলেন।
ফরিদা ইয়াসমিন তার বক্তব্যে সাংবাদিক নেতা ও ডিবিসি টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে তাঁর কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক মিথ্যা মামলায় গ্রেফতার করার তীব্র নিন্দা জানান এবং তিনিসহ কারাবন্দী সকল সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
তিনি অভিযোগ করেন ভিন্নমতের সাংবাদিকদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ নানা ভয়ভীতি দেখিয়ে দেশে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা হচ্ছে।
ফরিদা ইয়াসমিন আরও বলেন, ভিন্নমতের অনেক সম্পাদক ও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলা দায়ের করার পাশাপাশি তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং তাদেরকে বিদেশে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করেন।
ড. দীলিপ নাথ বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর অব্যাহত দমন-পীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের প্রতি এই নিপীড়ন -নির্যাতন অবিলম্বে বন্ধের আহবান জানান।
তিনি সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক শাহরিয়ার কবির, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাসহ কারাবন্দী সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তি দাবি করেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান বিগত ইউনুস সরকারের মত বর্তমান সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে অব্যাহত হামলা-মামলা ও হুমকির ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
শাবান মাহমুদ বাংলাদেশের সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা ইকবাল সোবহান চৌধুরীকে তাঁর কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক মিথ্যা মামলায় গ্রেফতার করার তীব্র নিন্দা জানান এবং তিনিসহ জেলে আটক সকল সাংবাদিকের অবিলম্বে মুক্তির দাবি জানান।
তিনি বাংলাদেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর চলমান দমন-পীড়ন বন্ধ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই দাবি মানা না হলে শীঘ্রই দেশি-বিদেশি সাংবাদিকদের নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে।
সাজ্জাদ হোসেন সবুজ ২০২৪ সালের ৫ আগস্টের পর সাংবাদিকদের গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে পাইকারিহারে হত্যা মামলা দায়েরসহ দমন-পীড়নের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন এবং অনতিবিলম্বে এই দমন-পীড়ন বন্ধের দাবি জানান।
তিনি সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল আহমেদ ও ফারজানা রুপাসহ কারাগারে আটক সকল সাংবাদিকের নি:শর্ত মুক্তি দাবি করেন।
অন্যান্য বক্তারা বাংলাদেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, মুক্ত গণমাধ্যম এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ছাড়া কোন দেশেই গণতন্ত্র শক্তিশালী ও বিকশিত হতে পারেনা।
Posted ১০:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24