অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:৪৪ পূর্বাহ্ণ
সাইফুল ইসলাম।
(টেক্সাস থেকে এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)
মাথাপিছু ৩০ লাখ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ব্রাজিলে সাময়িক যাত্রা-বিরতির পর সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকার দুর্গম পথে মেক্সিকো-তে জড়ো করা হয় স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমাতে আগ্রহী বাংলাদেশীদের। এরপর টেক্সাস-মেক্সিকো সীমান্ত বরাবর রাইয়ো গ্র্যান্দো নদী সাঁতরে অথবা কাটাতারের বেড়া কিংবা দেয়াল ডিঙ্গিয়ে যুক্তরাষ্ট্রে পাচার করা হয়েছে শতশত বাংলাদেশীকে। আদম পাচারের এই আন্তর্জাতিক চক্রের মধ্যমণি সাইফুল ইসলাম(৩৯)কে ব্রাজিলের আস্থানা থেকে গ্রেফতার করে এ বছরের ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে আনা হয় এবং টেক্সাসের ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর এফবিআই, ইমিগ্রেশন পুলিশ এবং ব্রাজিল-মেক্সিকোর পুুলিশ সম্মিলিতভাবে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশী সাইফুল ইসলাম ওরফে সাইফুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদম পাচারের অভিযোগ উত্থাপন করেছিল। ৯ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্র বিচার বিভাগীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকমের এ সংবাদদাতাকে জানান যে, সাইফুল ইসলাম সংঘবদ্ধ আদম-পাচারকারি চক্রের সদস্য হিসেবে নিজের দোষ স্বীকার করেছেন। মোটা অংকের বিনিময়ে বাংলাদেশীদের পাচারের ধারাবিবরণীও দিয়েছেন। দোষ স্বীকারের সময় সাইফুল উল্লেখ করেছেন যে, পাচারের বিনিময়ে যত অর্থ আদায় করেছেন তা সরকারী কোষাগারে ফিরিয়ে দেবেন।
বিচার বিভাগীয় কর্মকর্তারা আরো জানিয়েছেন যে, আসছে ১৭ ফেব্রুয়ারি সাইফুল ইসলামের বিরুদ্ধে জেল-জরিমানা ঘোষণা করা হয়েছে। টেক্সাসের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের জজ সাইফুলের দন্ডের গতি-প্রকৃতি নির্দ্ধারণ করছেন। তবে কমপক্ষে তার ৩ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের দন্ড হবে বলে বিচার বিভাগে ক্রিমিনাল ডিভিশনের সহকারি এটর্নী জেনারেল টাইসেন ডুভা এবং ইউএস এটর্নী অ্যারোন রিটজ ৯ নভেম্বর উল্লেখ করেছেণ। অপর একটি সূত্রে জানা গেছে, কোন ধরনের ঝামেলা ছাড়াই দোষ স্বীকারের পাশাপাশি এই নেটওয়ার্কে জড়িত সকল সদস্যের ব্যাপারেও তথ্য দেয়ায় সাইফুলের জেল-জরিমানা কম হবার সম্ভাবনা রয়েছে। আরো জানা গেছে, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা-সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ২২ হাজারের অধিক যুবক উপরোক্ত আদম পাচারকারি চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছেন। এরা সকলেই বিএনপি, যুবদল, এলডিপির নেতা-কর্মী অথবা ধর্মীয় সংখ্যালঘু যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে মেক্সিকো হয়ে সীমান্ত অতিক্রমের পর যুক্তরাষ্ট্রে পা রাখার সাথে সাথে যারা সীমান্ত রক্ষীর হাতে গ্রেফতার হয়েছেন অথবা স্বেচ্ছায় ধরা দিয়েছেন, তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনার পর অনেকে তাৎক্ষণিকভাবে ‘প্যারলে’ মুক্তি পেলেও শতশত বাংলাদেশীকে ডিটেনশন সেন্টারে নেয়া হয়। ডিটেনশন সেন্টারে অসহনীয় যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে সংশ্লিষ্টরা পাচারকারি চক্রের তথ্য মার্কিন কর্মকতর্’াদের অবহিত করেছেন। কে কত ডলার দিয়েছেন, সেই অর্থের উৎস কী এবং পাচারকারিরা কে কোথায় ঐ অর্থের বিনিয়োগ ঘটিয়েছে-তাও বিস্তারিত জানিয়েছেন। আর এসব তথ্য সংগ্রহের জন্যে কর্মকতর্’ারা সংশ্লিষ্টদের দ্রুত মুক্তির সস্তা টোপ দিয়েছিলেন বলেও জানা গেছে।
এর আগে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরে যুক্তরাষ্ট্রে আদম পাচারকারি নেটওয়ার্কের সদস্য হিসেবে কয়েক বছর আগে মিলন হোসেন (৪৬) নামক এক বাংলাদেশীর ৪৬ মাসের কারাদন্ড হয়েছে। তিনি মেক্সিকোর তাপাচুলা সীমান্ত এলাকায় হোটেল ব্যবসার আড়ালে বাংলাদেশীদের পাড়াপাড়ের ঘাঁটি স্থাপন করেছিলেন। তারও আগে মেক্সিকোর মনটেরি এলাকা থেকে বাংলাদেশীদের টেক্সাস সীমান্ত দিয়ে রিয়ো গ্র্যান্দে নদীপথে যুক্তরাষ্ট্রে পাঠানোর সাথে জড়িত হিসেবে মোক্তার হোসেন (৩৮)কেও ৪৬ মাসের কারাদন্ড দেয়া হয়। মিলন মিয়া নামক আরেক বাংলাদেশীকেও টেক্সাসের হিউস্টন এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছে আদম পাচার চক্রের সদস্য হিসেবে।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24