বিশেষ সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৭:২৩ পূর্বাহ্ণ
জ্বলছে ইউনূসের পৈত্রিক বাড়ি
বিশেষ সংবাদদাতা
নাশকতার আগুন এখন আর রাজধানীর সড়ক কিংবা পরিত্যক্ত বাসে সীমাবদ্ধ নেই; তা ছড়িয়ে পড়ছে জেলা শহর, উপজেলা, মহাসড়ক, এমনকি থানা ও সরকারি স্থাপনাতেও। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও যানবাহনে অগ্নিসংযোগ, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ হামলা চালানো হচ্ছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, নারায়ণগঞ্জে এক রাতে পাঁচ যানবাহনে অগ্নিসংযোগ এবং চট্টগ্রামে পুলিশ বক্সে হামলার ঘটনা নতুন করে সামনে এনেছে জননিরাপত্তার বিষয়টি। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কখন কোথায় আগুনের ঘটনা ঘটবে, পেট্রোল বোমা কিংবা ককটেলের বিস্ফোরণ ঘটবে তার কোনও নিশ্চয়তা নেই।
একদিকে সরকার বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে নাশকতার বিস্তৃতি ও পুনরাবৃত্তি মোকাবিলায় পুলিশ, বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে (এসআরবি) মাঠে নামাতে হচ্ছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বুধবার
(১৮ নভেম্বর) সরকার দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি
ঘিরেও সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় কয়েকজনকে গ্রেফতারের প্রতিবাদে সৃষ্ট উত্তেজনার একপর্যায়ে থানা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা থানা চত্বরে যানবাহনে আগুন দেয়। গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়; আক্রান্ত হয় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িও।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়া থানায় আগুনে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে গেছে।
নিলফা এলাকায়ও আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনে হামলা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিরাপত্তা-ঝুঁকির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতেও বেগ পেতে হয়। এর সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল ছিল সীমিত। নিত্যপ্রয়োজনীয় সামগ্রির কিছু দোকান ছাড়া অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও উপস্থিতি কমেছে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করায় জনচলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি শুধু টুঙ্গিপাড়া নয়, জেলার অন্যান্য উপজেলায়ও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে। চট্টগ্রামে মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দেয়া হয়েছে। চাঁদপুরে ডা. দীপু মনির বাসায়ও বিএনপির সন্ত্রাসীরা আগুন দিয়েছে। পুলিশ-প্রশাসনের ছত্রছায়ায় বিএনপি-যুবদলের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, লুটতরাজের পর আগুন দিচ্ছে। এমনি একটি ভয়ংকর পরিস্থিতির মধ্যে তারেক রহমান তার অনুসারিদের চব্বিশের জুলাই-আগস্টের ভূমিকায় অবতীর্ণ হবার আহবান জানিয়ে মূলত: দেশকে গৃহযুদ্ধে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও চাঁদমারী এলাকায় তিনটি বাস ও দুটি লেগুনায়
অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রূপগঞ্জের গোলাকান্দাইলে পার্কিং করা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে ক্ষতিগ্রস্ত হন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বাস মালিক শহিদুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, বাসের আয় দিয়েই তার সংসার এবং অসুস্থ স্ত্রীর চিকিৎসার খরচ চলতো; আগুনে তার জীবিকার প্রধান অবলম্বন শেষ হয়ে গেছে।
চট্টগ্রামের মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। এর আগে খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল-বোমা নিক্ষেপ, ঝিনাইদহের বারবাজার রেলওয়ে স্টেশনে হামলা এবং নাটোরে গুলির ঘটনা ঘটেছে।
পুলিশ সদর দফতরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে সারা দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা এবং ৬০ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। এর আগের ৯ দিনে ৪৫টি যানবাহনে আগুন ও ৫১টি স্থানে বিস্ফোরণের তথ্য পাওয়া গিয়েছিল। এর বাইরে ১৭ ও ১৮ নভেম্বরের সহিংসতা ছিল আরও ব্যাপক।
রাজধানীতে বুধবার সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর মাসে ২৭টি এবং অক্টোবরে ১৩টি ককটেল বিস্ফোরণ হয়েছিল; অথচ নভেম্বরের প্রথম ১৮ দিনেই এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫টিতে।
সাম্প্রতিক সহিংসতায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় শুধু মালিক ক্ষতিগ্রস্ত হন না; চালক, শ্রমিক, যাত্রী এবং পরিবহন নির্ভর মানুষের জীবনযাত্রাও ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে দূরপাল্লার যানবাহন, আন্তজেলা সড়ক ও গুরুত্বপূর্ণ মহাসড়কে নাশকতার আশঙ্কা তৈরি হলে পরিবহন পরিচালনায় অনিশ্চয়তা বাড়ে এবং নির্ধারিত সময়ে কর্মস্থল, চিকিৎসাকেন্দ্র কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর বিষয়ে উদ্বেগ তৈরি হয়।
এদিকে, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা হয়। মূলত তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্যই প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সাম্প্রতিক নাশকতা নিয়ে জাতীয় সংসদে একাধিকবার বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ১০ নভেম্বর সংসদে বিরোধীদলীয় নেতাদের উদ্বেগের জবাবে তিনি বলেছিলেন, বিচ্ছিন্ন কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যৌক্তিক নয়।
তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর সংসদে আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘হামলাকারীদের ভিডিও ফুটেজ, ছবি ও অডিও রেকর্ড পর্যালোচনা করে শনাক্ত করা হবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ দেশের বাইরে থেকে আওয়ামী লীগের সাবেক নেতাদের বিরুদ্ধে নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি। তবে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় নির্বিচারে বলপ্রয়োগ করতে চায় না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরীহ মানুষের নিরাপত্তা রক্ষা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
এর আগে ৯ নভেম্বর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে।
বুধবার রাজধানীর কাওরান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। এসআরবি-৬ ও এসআরবি-১০ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি কম্পোজিট ফোর্স গোপালগঞ্জে নিয়োজিত রয়েছে এবং তারা দিনরাত কাজ করছে। কোনও ধরনের নাশকতামূলক কর্মকান্ড কিংবা সহিংসতার চেষ্টা করা হলে তা প্রতিরোধে এসআরবি বদ্ধপরিকর বলে জানান তিনি। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য সহিংসতা প্রতিরোধে সংস্থাটির তৎপরতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
নাশকতা মোকাবিলায় পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ে বিশেষ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর পুলিশ মহাপরিদর্শক দেশের সব জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজিদের সঙ্গে বৈঠক করে গোয়েন্দা নজরদারি, রাতের টহল এবং নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে টহল, তল্লাশি ও চেকপোস্ট জোরদারের পাশাপাশি প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ ও সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রম চলছে। অন্যদিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, ১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। ডিসেম্বরকে সামনে রেখেও গোয়েন্দা পুলিশের প্রস্তুতি রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কর্মসূচি ও সম্ভাব্য হুমকির তথ্য যাচাই করার ওপর গুরুত্ব দিচ্ছে ডিবি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক কর্মসূচি ঘিরে সৃষ্ট সহিংসতা,
নাশকতামূলক কর্মকান্ড, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং কারাগারে বন্দি রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিয়েছে। একদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে গৃহযুদ্ধ বা রাষ্ট্রীয় বাহিনীতে অস্থিরতার মতো চরম আশঙ্কার কথা প্রচারিত হচ্ছে, অন্যদিকে বিশ্লেষকরা বিষয়টিকে দেখছেন একটি জটিল রাজনৈতিক রূপান্তর ও আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার চ্যালেঞ্জ হিসেবে।
নিষিদ্ধ ঘোষিত বা রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, অবরোধ বা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে; পরিবহন খাত, ক্ষুদ্র ব্যবসা এবং দৈনন্দিন জনজীবনে এর নেতিবাচক প্রভাব পড়ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সহিংসতার দায় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। ক্ষমতাসীন মহল ও প্রশাসন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগ করছে, আর আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকার সংকুচিত করা ও দমন-পীড়নের অভিযোগ তোলা হচ্ছে।
মাঠপর্যায়ের এই সংঘাত কি কোনো পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে-এমন প্রশ্ন সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত হচ্ছে। ভারতের দ্য ওয়াল কিংবা অস্ট্রেলিয়াভিত্তিক পোর্টাল ওটিএন বাংলা-সহ কিছু বিদেশি ও প্রবাসী সংবাদমাধ্যমের বিশ্লেষণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক মেরুকরণ ও তৃণমূলের সহিংসতাকে গৃহযুদ্ধের শঙ্কা হিসেবে তুলে ধরা হয়েছে। তাদের মতে, প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংলাপের অভাব এবং প্রতিহিংসার রাজনীতি দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্র তৈরি করতে পারে। তবে বিশ্লেষকদের মতে, বর্তমান সংকটটি মূলত রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস, অতীতের রাজনৈতিক ভুলের দায় স্বীকার না করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রক্রিয়ার জটিলতার ফল। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে এ ধরনের বিচ্ছিন্ন সহিংসতা বারবার ফিরে আসার ঝুঁকি থাকে।
রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রায়ই বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী বা প্রশাসনের ভেতরে বিদ্রোহ কিংবা বিভক্তির গুজব ছড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়েও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের নানা গুঞ্জন শোনা গেছে; কিন্তু সশস্ত্র বাহিনী বা পুলিশ বাহিনীতে বিদ্রোহের কোনো সুনির্দিষ্ট তথ্য বা ইঙ্গিত পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে নাশকতা ও সহিংসতা ঠেকাতে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি সমন্বিতভাবে কাজ করছে এবং বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর চিরুনি অভিযান ও টহল জোরদার করা হয়েছে মূলত: আওয়ামী লীগের লোকজনকে ঠেকাতে। তাই প্রশাসনের ভেতরে পেশাদারিত্বের ঘাটতি বা অতীতের রাজনৈতিক আনুগত্যের প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন, আর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা প্রশাসনের ভেতরে কোনো চক্রের গাফিলতি বা যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গুজবের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা রুখতে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি হলো কারাগারে বন্দি রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি। আওয়ামী লীগের ওয়েবসাইট ও প্রবাসী নেতাদের বিবৃতিতে অভিযোগ তোলা হয়েছে, দেশের বিভিন্ন কারাগারে এবং পুলিশ হেফাজতে থাকা তাদের বেশ কয়েকজন নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন এবং চলমান পরিস্থিতির সুযোগে কারাগারের ভেতরে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি করে রাজবন্দিদের জীবন বিপন্ন করা হতে পারে।
দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর সাম্প্রতিক পরিসংখ্যান ও পর্যবেক্ষণে বাংলাদেশের কারা ব্যবস্থার কাঠামোগত সংকট ও হেফাজতে মৃত্যুর বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক)’র সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন কারাগারে বন্দি মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সংস্থার পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ ও ২০২৬ সালে দেশের কারাগারগুলোতে যেসব বন্দির মৃত্যু হয়েছে, তার বড় একটি অংশ ঘটেছে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায়; অনেক ক্ষেত্রেই পরিবারগুলো অভিযোগ করে যে বন্দিরা যথাযথ ও সময়মতো চিকিৎসা পাননি এবং পূর্বের জটিল রোগের চিকিৎসা অব্যাহত রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
মানবাধিকার সংগঠন অধিকার ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর সাম্প্রতি পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক মামলায় ব্যাপক ধরপাকড়ের ফলে দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণ বা তারও বেশি বন্দি অবস্থান করছেন। এই অতিরিক্ত ভিড়(ওভারক্রাউডিং), স্যানিটেশন সংকট এবং পর্যাপ্ত কারা চিকিৎসকের অভাব বন্দিদের স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে; পাশাপাশি পুলিশি রিমান্ড ও হেফাজতে নির্যাতনের অভিযোগ পুরোপুরি বন্ধ না হওয়ায় সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। অন্যদিকে, হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সাম্প্রতিক বিবৃতিগুলোতে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রতিটি বন্দির আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে এবং হেফাজতে বা কারাগারে প্রতিটি মৃত্যুর ঘটনার স্বচ্ছ, স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্তের ওপর জোর দেওয়া হয়েছে।
রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির এই টানাপোড়েন দেশের অর্থনীতিতেও সরাসরি প্রভাব ফেলছে।
জেলা ও উপজেলা পর্যায়ে অবরোধ, অগ্নিসংযোগ ও নিরাপত্তাহীনতার কারণে পণ্য সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) মাঝেমধ্যেই ব্যাহত হচ্ছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ মূল্যস্ফীতির চাপে পড়ছে; পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও রাজনৈতিক স্থিতিশীলতার পূর্ণ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিচ্ছেন।
বাংলাদেশ বর্তমানে একটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ও প্রশাসনিক ক্রান্তিকাল অতিক্রম করছে। বিশ্লেষকদের মতে, এই সংকট থেকে উত্তরণের জন্য সহিংসতা ও নাশকতার পথ পরিহার করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চায় ফিরে আসা জরুরি। একই সঙ্গে গুজব ও অপতথ্য প্রতিরোধে মূলধারার গণমাধ্যমের স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। কেবল সমন্বিত রাজনৈতিক সদিচ্ছা ও আইনের শাসনের সঠিক প্রয়োগের মাধ্যমেই বর্তমান অস্থিরতা প্রশমিত করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব।
Posted ৭:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24