নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৬:৫১ পূর্বাহ্ণ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী গত ১৫ বছর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রবাসীরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে অবদান রেখেছেন তা কখনোই ভুলার নয়। একইধারায় সামনের দিনগুলোতেও বাংলাদেশের সুশাসন, উন্নয়ন-অগ্রগতির সমর্থনে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিউইয়র্ক স্টেট বিএনপির একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাতে গেলে রুহুল কবির রিজভী আরো বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সামনে, ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউজের সামনে আপনাদের কর্মসূচিতে আমরাও উজ্জীবিত হয়েছি এবং স্বৈরাচার পতনের আন্দোলন ত্বরান্বিত হয়েছে।
প্রতিনিধি দলের অন্যতম সদস্য নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি) এ সময় রিজভীকে অবহিত করেন যে, তারা জুলাই-আগস্টে লাগাতার কর্মসূচি পালন করেছেন নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে। এসব কর্মসূচিতে অন্য সকল স্টেটের বিএনপি এবং যুবদল-ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরাও সরব ছিলেন।
এ সাক্ষাতের সময় আরো ছিলেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ এবং সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর। চরম দু:সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন পরিচালনা করার জন্যে রুহুল কবির রিজভীকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। ঢাকা থেকে টেলিফোনে এ সাক্ষাতের বিস্তারিত তথ্য এ সংবাদদাতাকে জানিয়েছেন সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান।
Posted ৬:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর